Logo

খেলাধুলা    >>   ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা কংগ্রেস ঘিরে উত্তপ্ত বিশ্ব ফুটবলের রাজনীতি

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা কংগ্রেস ঘিরে উত্তপ্ত বিশ্ব ফুটবলের রাজনীতি

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা কংগ্রেস ঘিরে উত্তপ্ত বিশ্ব ফুটবলের রাজনীতি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি প্রকাশ্যে পূর্ণ সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া এক খোলা চিঠিতে ইনফান্তিনোর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, গত এক দশকে বিশ্ব ফুটবলের উন্নয়ন এবং ফিফার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ইনফান্তিনো ফিফার সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের মাধ্যমে বিশ্বকাপের কিছু বাণিজ্যিক স্বত্ব ২০ বিলিয়ন ডলারের বিনিময়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব দেন। তবে ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। পরে সংস্থাটি স্বীকার করে যে পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে পরিচালিত হয়নি এবং এ নিয়ে ২১১টি সদস্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে।

তাপিয়া বলেন, শুরু থেকেই এই প্রস্তাব ফুটবল পরিবারের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ফিফা নিজেদের ভুল স্বীকার করে সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চাওয়ায় সেটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এএফএ। তার মতে, এটি প্রমাণ করে যে সংস্থাটি নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে প্রস্তুত।

চিঠিতে তাপিয়া আরও উল্লেখ করেন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা এমন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে, যেখানে সদস্য দেশ ও কনফেডারেশনগুলোর সঙ্গে আরও স্বচ্ছ ও সরাসরি সংলাপের সুযোগ তৈরি হয়েছে। তার দাবি, গত ১০ বছরে ফিফা আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংগঠনে পরিণত হয়েছে।

আসন্ন ফিফা কংগ্রেসকে সামনে রেখে তাপিয়া স্পষ্টভাবে জানান, ইনফান্তিনোর নেতৃত্বেই ফিফার পথচলা অব্যাহত থাকা উচিত বলে বিশ্বাস করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তার মতে, বিশ্বজুড়ে ফুটবলের আরও উন্নয়ন ও বিস্তারের জন্য বর্তমান নেতৃত্বই সবচেয়ে উপযুক্ত।

অন্যদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা অব্যাহত রেখেছে। ফিফার ক্ষমা প্রার্থনার পরও উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আস্থাহীনতার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে অপসারণের কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। ইউরোপের একাংশের কঠোর সমালোচনা এবং আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ সমর্থনের মধ্যে আসন্ন ফিফা কংগ্রেসকে ঘিরে বিশ্ব ফুটবলের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠছে। সূত্র: জাগোনিউজ