ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এ ধরনের অভিযান যুদ্ধের অবসান ঘটানোর পরিবর্তে ইরানকে আরও কঠোর অবস্থানে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এমন হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। ওই হামলায় দেশটির আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতাও প্রাণ হারান।
পরবর্তী সময়ে খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এবং ধারাবাহিক সামরিক হামলার পরও সংঘাতের অবসান ঘটেনি। দীর্ঘ নয় মাসের যুদ্ধের অবসান ঘটাতে এখন নতুন করে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
প্রশাসনের একাংশ মনে করছে, এ ধরনের অভিযান চালানো হলে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানের নেতাদের অবস্থান শনাক্ত করে তাদের লক্ষ্যবস্তু করতে সক্ষম—এমন বার্তাও দেওয়া যাবে।
তবে প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এ পরিকল্পনার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এমন হামলার ফলে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়তে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি, জাগোনিউজ



















