Logo

অর্থনীতি    >>   কেন বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র?

কেন বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র?

কেন বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বুধবার (২৫ নভেম্বর) এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, শ্রমিকদের কম মজুরি এবং চীনা কাঁচামালের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশটির সঙ্গে বাণিজ্যে অসম প্রতিযোগিতা তৈরি করছে। ইউএসটিআরের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটি ২০২৬ সালের ১১ মার্চ শুরু হওয়া ‘সেকশন ৩০১’ তদন্তের অংশ হিসেবে ২৫ নভেম্বর প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি কিছু নীতি ও কার্যক্রম মুক্তবাজারের স্বাভাবিক প্রতিযোগিতাকে ব্যাহত করছে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উৎপাদন খাতের স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছে ওয়াশিংটন।

তদন্তে বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ

ইউএসটিআরের প্রতিবেদনে বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন প্রণোদনা, শ্রম অধিকার এবং বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরতার বিষয়গুলোকে প্রধান অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র খাতকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পরিকল্পনা ও বিভিন্ন আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত না করা এবং শ্রম আইন কার্যকর করার ক্ষেত্রে ঘাটতির অভিযোগও এনেছে যুক্তরাষ্ট্র।

চীনা কাঁচামালের ওপর নির্ভরতা

বাংলাদেশের উৎপাদন খাতে চীনা কাঁচামাল, যন্ত্রপাতি ও বিনিয়োগের ওপর নির্ভরতাকেও উদ্বেগের বিষয় হিসেবে দেখছে ওয়াশিংটন। ইউএসটিআরের মতে, চীনের মতো অ-বাজার অর্থনীতির দেশ থেকে আমদানি ও বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন কাঠামোয় প্রভাব ফেলছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই নির্ভরতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ইউএসটিআরের মতে, বাংলাদেশের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পের বিভিন্ন নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ সীমিত করছে। এতে মার্কিন উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।

কবে কার্যকর হতে পারে নতুন শুল্ক

বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ইউএসটিআর এ বিষয়ে জনমত ও লিখিত মতামত আহ্বান করেছে। আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলো মতামত জমা দিতে পারবে। প্রস্তাবিত শুল্ক নিয়ে ২৫ জানুয়ারি ২০২৭ শুনানিরও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ১৮ শতাংশের প্রস্তাবটি বিদ্যমান কিছু সেকশন ৩০১ শুল্ক সমন্বয় করে নির্ধারিত হয়েছে। অর্থাৎ, সব পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন করে পুরো ১৮ শতাংশ যোগ হবে—বিষয়টি এমন নয়। নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ছাড়ের প্রস্তাবও রয়েছে। সূত্র: ইউএসটিআর, জাগোনিউজ