বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কতটা বাড়বে, কার্যকর হবে কবে?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের আওতায় পড়তে যাচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্য। রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, শ্রমিকদের কম মজুরি এবং চীনা কাঁচামালের ওপর অতিনির্ভরতার অভিযোগে বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। তবে প্রস্তাবিত শুল্কের হার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব থাকলেও এটি চূড়ান্ত হার নয়।
ইউএসটিআরের ঘোষণা অনুযায়ী, ‘সেকশন ৩০১’ তদন্তের আওতায় বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, শুল্কহার ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে এর চেয়ে কমও নির্ধারিত হতে পারে।
গত ১১ মার্চ বাংলাদেশের উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। সেই তদন্তের ফলাফলের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু বাংলাদেশ নয়, একই তদন্তের আওতায় চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৪টি প্রধান অর্থনীতির ওপরও শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে।
বাংলাদেশের ওপর প্রকৃতপক্ষে কতটা বাড়বে শুল্ক
ইউএসটিআরের প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ককে বিদ্যমান সেকশন ৩০১ শুল্কসহ সমন্বিত হার হিসেবে বিবেচনা করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে কার্যকর থাকা ১০ শতাংশ সেকশন ৩০১ শুল্ক এই ১৮ শতাংশের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
সে হিসাবে আগের ১০ শতাংশের সঙ্গে নতুন করে সর্বোচ্চ আরও ৮ শতাংশ শুল্ক যুক্ত হতে পারে। তবে পণ্যের ওপর প্রচলিত সাধারণ এমএফএন (Most Favored Nation) শুল্ক আলাদাভাবে বহাল থাকবে।
পোশাক খাতে মোট শুল্ক দাঁড়াতে পারে ৩৩.৫ শতাংশ
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের ক্ষেত্রে নতুন প্রস্তাব কার্যকর হলে মোট শুল্কের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের সাধারণ এমএফএন শুল্ক গড়ে প্রায় ১৫.৫ শতাংশ। এর সঙ্গে বিদ্যমান ১০ শতাংশ সেকশন ৩০১ শুল্ক মিলিয়ে মোট শুল্কহার দাঁড়ায় প্রায় ২৫.৫ শতাংশ।
নতুন প্রস্তাবের সর্বোচ্চ ১৮ শতাংশ সেকশন ৩০১ শুল্ক কার্যকর হলে সাধারণ শুল্কসহ মোট হার প্রায় ৩৩.৫ শতাংশে পৌঁছাতে পারে। তবে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় বা ব্যতিক্রমের সুযোগ থাকবে কি না, তা চূড়ান্ত সিদ্ধান্তের সময় স্পষ্ট হবে।
শুল্ক আরোপের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়
ইউএসটিআরের ঘোষণা এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত মতামত জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।
এরপর ২৫ জানুয়ারি থেকে গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। শুনানি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনা শেষে শুল্কের চূড়ান্ত হার এবং কার্যকরের সময় নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র। সূত্র: ইউএসটিআর, জাগোনিউজ


















