Logo

অর্থনীতি    >>   বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কতটা বাড়তে পারে?

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কতটা বাড়তে পারে?

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কতটা বাড়তে পারে?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) রাতেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন শুল্ক আগে থেকে বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশের বেশি হতে পারে।

বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে গত মার্চে তদন্ত শুরু করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। এসব দেশের বিভিন্ন শিল্প খাতে সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রের শিল্প ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে এই তদন্ত পরিচালনা করে ইউএসটিআর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় বুধবার রাতে) তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত আসতে পারে।

তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্যিক অংশীদার হলো—বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বেশ কিছু শুল্ক বাতিল করে দেন। নতুন শুল্কের মাধ্যমে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প ব্যবস্থা তৈরি করতে চায় ওয়াশিংটন।

শুল্ক কতটা বাড়তে পারে

নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হতে পারে। একই সঙ্গে হোয়াইট হাউজের চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা বজায় রাখার কথা রয়েছে।

মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্ত প্রতিবেদনে ১৬টি অংশীদারের জন্য পৃথক শুল্ক ব্যবস্থার সুপারিশ থাকতে পারে।

তিনি বলেন, যেসব দেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা পাওয়া যাবে, সেসব দেশের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে আগে আরোপ করা ১০ বা সাড়ে ১২ শতাংশ শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।

বাংলাদেশের পণ্যে মোট শুল্ক কত দাঁড়াতে পারে

গত জুলাইয়ে ঘোষিত নতুন শুল্কনীতিতে বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিল ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে আগের অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন শুল্ক কাঠামো কার্যকর হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে মোট শুল্কের পরিমাণ ২৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে রয়েছে আগে থেকেই কার্যকর ১৫ দশমিক ৬২ শতাংশ মোস্ট-ফেভার্ড-নেশন (এমএফএন) শুল্ক এবং নতুন নীতির আওতায় নির্ধারিত ১০ শতাংশ শুল্ক।

এখন নতুন করে ১৫ থেকে ২৫ শতাংশ শুল্ক যুক্ত হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে মোট শুল্কের পরিমাণ দাঁড়াতে পারে ৪০ দশমিক ৬২ থেকে ৫০ দশমিক ৬২ শতাংশ পর্যন্ত।

তবে রায়ান মাজেরাস মনে করেন, ট্রাম্প প্রশাসন শুরুতে তুলনামূলক কম শুল্ক আরোপ করে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য কিছু শর্ত নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে ব্যর্থ হলে সময়ের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শুল্কের হার বাড়তে পারে।

নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিমুখী বিভিন্ন শিল্প খাতের ওপর এর প্রভাব পড়তে পারে। তবে চূড়ান্ত শুল্কহার ও দেশভিত্তিক সিদ্ধান্ত প্রকাশের পরই বাংলাদেশের রপ্তানিতে প্রকৃত প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূত্র: রয়টার্স, বিবিসি, জাগোনিউজ