Logo

আন্তর্জাতিক    >>   ইরানের সঙ্গে জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানের সঙ্গে জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানের সঙ্গে জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আগামী জানুয়ারির শেষ পর্যন্ত অর্থের জোগান রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে ওয়াশিংটন চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে যুদ্ধ পরিচালনায় তার প্রশাসনের সামরিক বিকল্প সীমিত হয়ে আসতে পারে। এ সময় যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের সম্ভাব্য উদ্যোগের সমালোচনাও করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য শেষ পর্যন্ত পরাজয়ে রূপ নিতে পারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের নিশ্চিত বিজয়ও শেষ পর্যন্ত পরাজয়ে পরিণত হতে পারে। একই সঙ্গে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও আবার দাবি করেন তিনি।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে সামরিক অভিযান পরিচালনার সুযোগ কমে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থের জোগান যুক্তরাষ্ট্রের রয়েছে।

তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকলেও যেকোনো সময় তা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান তিনি। ট্রাম্পের ভাষায়, ‘আমরা যখন চাই, তখনই এই যুদ্ধের ইতি টানতে পারি।’

ইরানে সরকার পরিবর্তন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান

সাক্ষাৎকারে ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। দেশটিতে সরকার পরিবর্তন সম্ভব হলেও এটি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মূল উদ্দেশ্য নয় বলে জানান তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার প্রশাসনের প্রধান লক্ষ্য। এ ছাড়া ইরানে সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তার কোনো নির্দিষ্ট অবস্থান নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: আনাদোলু এজেন্সি, জাগোনিউজ