কেন রোনালদোকে এড়িয়ে মেসির কাছে ছুটেছিলেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
স্ত্রীর একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মুখোমুখি হয়েছিলেন হলিউড অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। তবে সেদিন রোনালদোকে পাশে পেয়েও তার মূল লক্ষ্য ছিল মেসির সঙ্গে দেখা করা। স্ত্রীকে আর্জেন্টাইন তারকার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণও হয়। মেসি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি তুলে স্মরণীয় করে রাখেন সেই মুহূর্ত।
সম্প্রতি ৮৬ বছর বয়সে প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুর পর পুরোনো এই ঘটনা আবারও আলোচনায় এসেছে। ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-ম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতা বুধবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মারা যান। তার পরিবার জানিয়েছে, আলঝেইমারস রোগ ও লুই বডি ডিমেনশিয়ার সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন লড়াইয়ের পর তার মৃত্যু হয়েছে।
স্টুয়ার্টের জীবনের নানা স্মৃতির মধ্যে বিশেষভাবে উঠে এসেছে ২০১৭ সালের ২৩ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এর একটি ঘটনা।
সেদিন অনুষ্ঠানে পুরুষদের বর্ষসেরার পুরস্কার গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে, চেলসির সাবেক ডিফেন্ডার মার্সেল দেসাইলির সঙ্গে মঞ্চে উঠে ফিফা ফেয়ার প্লে পুরস্কার তুলে দিয়েছিলেন স্টুয়ার্ট।
তবে মঞ্চের বাইরের একটি ঘটনাই তার কাছে হয়ে উঠেছিল সবচেয়ে স্মরণীয়। সেদিন স্ত্রী ও সংগীতশিল্পী সানি ওজেলকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মেসির প্রতি স্ত্রীর বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই ফুটবলের প্রতি তার ভালো লাগা তৈরি হয়েছিল। তাই স্ত্রীর ইচ্ছা পূরণে মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেন স্টুয়ার্ট।
মেসির সঙ্গে দেখা করতে বিশেষ চেষ্টা
ফুটবল তারকাদের কাছে পৌঁছানো অবশ্য সহজ ছিল না। এক স্মৃতিচারণায় স্টুয়ার্ট জানিয়েছিলেন, অনুষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। সেখানে মেসি, রোনালদো ও আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতো তারকারা উপস্থিত ছিলেন।
তবু নিজের লক্ষ্য থেকে সরে আসেননি অভিনেতা। সামনের সারি ধরে এগিয়ে যেতে থাকেন। কেউ যেন তাকে চিনতে পারেন, সেই আশায় নিজের নাম ধরে ডাকতেও শুরু করেন।
সবার আগে তার দিকে নজর পড়ে রোনালদোর। পর্তুগিজ তারকা স্টুয়ার্টকে চিনতে পেরেছিলেন বলে মনে হয়েছিল অভিনেতার। কিন্তু রোনালদোর সঙ্গে দেখা করার চেয়ে তখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল মেসিকে খুঁজে বের করা।
সমস্যা ছিল, কোথাও মেসিকে দেখতে পাচ্ছিলেন না তিনি। আর্জেন্টাইন তারকা তখন নিজের আসনের পেছনে ঝুঁকে থাকায় স্টুয়ার্টের চোখে পড়ছিলেন না। তাই মেসি উঠে দাঁড়িয়ে ঘুরে না তাকানো পর্যন্ত অপেক্ষা করেন অভিনেতা। অবশেষে সেই মুহূর্ত আসে। মেসি উঠে দাঁড়িয়ে ঘুরে তাকাতেই দুজন মুখোমুখি হন।
সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে স্টুয়ার্ট বলেছিলেন, ‘আমি তার পেছনে দাঁড়িয়ে ছিলাম। এরপর তিনি উঠে দাঁড়িয়ে ঘুরে তাকালেন। আমরা মুখোমুখি হলাম।’
এরপর মেসির কাছে নিজের অনুরোধ জানান তিনি। স্টুয়ার্টের ভাষায়, ‘এটা আমার জন্য আবেগের মুহূর্ত ছিল। তিনি আমার মুখের দিকে তাকালেন। আমি বললাম, সেনিয়র মেসি, অনুগ্রহ করে, আমার স্ত্রী।’
এরপর মেসি ও সানি ওজেল একে অপরের সঙ্গে করমর্দন করেন। স্টুয়ার্ট তাঁদের দুজনের একটি ছবি তোলার অনুমতি চান। তিনি বলেন, ‘আমি কি আপনাদের দুজনের একসঙ্গে একটি ছবি তুলতে পারি?’
অনুমতি পাওয়ার পর সেদিন সেলফি নয়, বরং মেসি ও তার স্ত্রীর পাশাপাশি দাঁড়ানো একটি ছবি তোলেন স্টুয়ার্ট। তবে গল্পের এখানেই শেষ নয়। এরপর মেসির স্ত্রী এগিয়ে এসে বলেন, ‘আর আমি আপনার সঙ্গে একটি ছবি তুলতে চাই!’
ছয় দশকের অভিনয়জীবন
‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-ম্যান’ চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। তবে তার অর্জন শুধু হলিউডেই সীমাবদ্ধ ছিল না।
ছয় দশকের অভিনয়জীবনে শেক্সপিয়রের মঞ্চনাটক, ব্রডওয়ে এবং প্রশংসিত টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন হিউ জ্যাকম্যান, ইয়ান ম্যাককেলেন ও উইলিয়াম শ্যাটনারের মতো তারকারা।
স্ত্রী সানি ওজেল এবং দুই সন্তান সোফিয়া ও ড্যানিয়েলকে রেখে গেছেন স্টুয়ার্ট। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার ডিমেনশিয়া গবেষণা এবং রোগীদের সেবাদানকারীদের সহায়তাকারী সংস্থাগুলোতে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: জাগোনিউজ



















