এফবিআইয়ের পর সিআইএ ও ওডিএনআইয়ের তথ্য বিশ্লেষণ ব্যবস্থায় সাইবার হামলা: দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) ব্যবহৃত একটি তথ্য বিশ্লেষণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ নয় (আনক্ল্যাসিফাইড) এমন কিছু তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে। তবে হামলার কারণে কোনো শ্রেণিবদ্ধ বা গোপন নথি ঝুঁকির মুখে পড়েনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের এবং ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছে। নেটওয়ার্কটিতে বিভিন্ন উন্মুক্ত উৎসের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু, স্যাটেলাইট চিত্র এবং বাণিজ্যিকভাবে কেনা তথ্য একত্র করে বিশ্লেষণ করা হয়।
তবে হামলার মাধ্যমে ঠিক কী ধরনের তথ্য বেহাত হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শ্রেণিবদ্ধ বা গোপন নথি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের অন্যান্য সংস্থার তথ্যও ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেননি তদন্তকারীরা। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সিআইএ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তদারকির দায়িত্বে থাকা ওডিএনআইও সংবাদমাধ্যমটির প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ধারাবাহিক সাইবার হামলা এবং প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়ছে। গত সপ্তাহে সাইবার নিরাপত্তাজনিত ঘটনার পর দেশটির কৃষি বিভাগ অভ্যন্তরীণ বেশ কিছু অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়।
এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (FBI) জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রেও (National Crime Information Center) হ্যাকিংয়ের ঘটনা ঘটে। দেশজুড়ে অপরাধসংক্রান্ত তথ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ এই ডেটাবেজে সাইবার হামলার ঘটনাকে ‘ভালো কিছু নয়’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সিগন্যাল গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) শ্রেণিবদ্ধ নেটওয়ার্কেও গত সপ্তাহে কয়েক দিন ধরে প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়।
এর আগে চলতি মাসের শুরুতে রাউটারের রক্ষণাবেক্ষণসংক্রান্ত সমস্যার কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো ও গোয়েন্দা ব্যবস্থার সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, জাগোনিউজ



















