বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনেই দেড় কোটির বেশি আবেদন, জেনে নিন কীভাবে করবেন আবেদন?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। এরই মধ্যে টুর্নামেন্টের টিকিটের জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। নিবন্ধনপ্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনের মধ্যে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, বিশ্বের ১৪২টি দেশ থেকে এসব আবেদন এসেছে।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বকাপের টিকিটের জন্য মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদন জমা পড়েছে। নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন। তবে এত বিপুলসংখ্যক আবেদন জমা পড়লেও এখনো টিকিট কেনার সুযোগ নিশ্চিত হয়নি কারও। নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচিত দর্শকরাই টিকিট কেনার সুযোগ পাবেন।
আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। গত ১ অক্টোবর বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।
টিকিটের আবেদনে এগিয়ে যেসব দেশ
আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপের টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে যুক্তরাজ্য থেকে। তালিকায় এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই পাঁচ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকেই সর্বাধিক আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য দর্শকদের এমন ব্যাপক আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, বিপুলসংখ্যক আবেদন ক্রিকেট বিশ্বকাপের ব্যাপক জনপ্রিয়তা ও আকর্ষণের প্রতিফলন।
আইসিসির বিবৃতিতে সংযোগ গুপ্ত বলেন, ‘টিকিটের জন্য এই অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণেরই প্রমাণ। একই সঙ্গে পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি করেছে, সেটিও এতে ফুটে উঠেছে।’
বিশ্বকাপ শুরু হওয়ার আগে আগামী এক বছরে আরও বিস্তৃত প্রচারণার পরিকল্পনা রয়েছে আইসিসির। এ বিষয়ে সংযোগ গুপ্ত বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম, একাধিক প্ল্যাটফর্মে প্রচারাভিযান ও নানা ধরনের কনটেন্ট প্রকাশ করা হবে। এসব উদ্যোগ ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করছে সংস্থাটি।
বিশ্বকাপের টিকিটের জন্য যেভাবে আবেদন করবেন
আইসিসির ওয়েবসাইটে আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টিকিটের জন্য নিবন্ধন করা যাবে। বাংলাদেশ সময় অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট। টিকিটের জন্য নিবন্ধন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন দর্শক একটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন। তবে একাধিক ম্যাচের টিকিট পেতে চাইলে প্রতিটি ম্যাচের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।
আগে আবেদন করলেই কি টিকিট পাওয়া যাবে?
না। আগে আবেদন করলেই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি হবে, এমন কোনো নিয়ম নেই। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ সমান থাকবে। কোনো ম্যাচের জন্য বরাদ্দ করা টিকিটের চেয়ে আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিদের ইমেইলে জানিয়ে দেওয়া হবে কীভাবে টিকিট কেনা যাবে। যারা নির্বাচিত হবেন না, তারাও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় ফলাফল জানতে পারবেন।
অর্থাৎ, দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়লেও এখনই কারও টিকিট নিশ্চিত হয়নি। আপাতত চলছে টিকিট কেনার সুযোগ পাওয়ার প্রতিযোগিতা। আগ্রহী দর্শকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সূত্র: আইসিসি, প্রথম আলো



















