Logo

আন্তর্জাতিক    >>   মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে যুক্তরাজ্যে শোকের ছায়া

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে যুক্তরাজ্যে শোকের ছায়া

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে যুক্তরাজ্যে শোকের ছায়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ কমিউনিটি নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং রয়্যাল এয়ার ফোর্সের (RAF) সাবেক কর্মকর্তা সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যসহ বাংলাদেশের সিলেট অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

গত ১৮ নভেম্বর, বুধবার, লন্ডনে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন সুহাইল ইবনে আজিজ রানা। গত ২১ নভেম্বর, শনিবার জানাজা শেষে তাঁকে বেকেনহ্যাম কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসেইন এমবিই, পৃষ্ঠপোষক ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমএ মান্নান, সাবেক চেয়ারপারসন ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও ১০টি আঞ্চলিক এবং ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সুহাইল ইবনে আজিজ রানা ছিলেন একজন মানবিক, নিবেদিতপ্রাণ, সাহসী ও দূরদর্শী ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর ভূমিকা, প্রবাসী বাংলাদেশি সমাজের ঐক্য প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং সিলেটবাসী এবং সামগ্রিক বাংলাদেশি কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর শোক প্রকাশ করে বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেলেও তাঁদের কর্ম, আদর্শ ও স্মৃতি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে। সুহাইল ইবনে আজিজ রানার জীবন ছিল ভালোবাসা, সাহসিকতা, সংগ্রাম, আত্মপ্রতিষ্ঠা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর কর্ম, নেতৃত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সুহাইল ইবনে আজিজ রানা ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, সাহসী, দূরদর্শী ও দৃঢ়প্রতিজ্ঞ মানুষ। জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে যুক্তরাজ্যে নিজের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন পরোপকারী, মানবতাবাদী ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

১৯৩৭ সালের ৩ অক্টোবর সিলেটের বালাগঞ্জের ওসমানীনগর উপজেলার ওসমানপুর ইউনিয়নের তইগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন সুহাইল ইবনে আজিজ রানা। তাঁর পৈতৃক নিবাস সিলেট নগরীর শেখঘাট এলাকায়।

তরুণ বয়সে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে ইংল্যান্ডের ডার্টমাউথে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ব্রিটিশ অ্যাডমিরালটির মাধ্যমে কমিশন লাভ করেন।

ডার্টমাউথে প্রশিক্ষণকালীন সময়ে আন্না নামের এক ব্রিটিশ তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁদের বিয়েকে কেন্দ্র করে তৎকালীন নৌবাহিনী ও পাকিস্তান সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পাকিস্তান নৌবাহিনী থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এটি ছিল তাঁর জীবনের প্রথম দিককার বৈষম্যমূলক অভিজ্ঞতাগুলোর একটি।

তবে প্রতিকূলতা তাঁর অদম্য মনোবলকে দমাতে পারেনি। পূর্ব পাকিস্তানে ফিরে তিনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের ইউনিলিভার কারখানায় পার্সোনেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে ফিরে যান।

ইংল্যান্ডে ফিরে তাঁর কর্মজীবন শুরু হয় লন্ডনের উপকণ্ঠের একটি রেলস্টেশনে টিকিট ক্লার্ক হিসেবে। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন। পরবর্তীতে রয়্যাল এয়ার ফোর্সে (RAF) সরাসরি স্থায়ী কমিশন লাভ করে সেখানে দায়িত্ব পালন করেন।

রয়্যাল এয়ার ফোর্স থেকে অবসর গ্রহণের পর তিনি ফোর্ড মোটর কোম্পানি, মার্স গ্রুপ এবং কমিশন ফর রেশিয়াল ইকুয়ালিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের নানা পর্যায়ে তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও দক্ষতা তাঁকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন এবং মুক্তিযুদ্ধের সমর্থনে সংগঠিত বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুহাইল ইবনে আজিজ রানা। তিনি ছিলেন যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। স্বাধীনতার পক্ষে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও সাংগঠনিক ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

স্বাধীনতার পরও প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, উন্নয়ন ও কল্যাণে তিনি নিজেকে সম্পৃক্ত রাখেন। ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সংগঠনটির ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিষ্ঠাকালীন অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সমাজসেবা, নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে একজন শ্রদ্ধাভাজন ও অভিজ্ঞ সংগঠক হিসেবে পরিচিতি অর্জন করেন।

তাঁর লেখা আত্মজীবনী ‘Breakthrough: Memoir of a British-Trained Bangladeshi’ তাঁর ব্যতিক্রমী জীবনসংগ্রাম ও অভিজ্ঞতার এক মূল্যবান দলিল। বইটিতে ভালোবাসা, বৈষম্য, প্রতিকূলতা, অধ্যবসায়, কর্মজীবনের সাফল্য এবং ব্যক্তিগত জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছেন তিনি।

জীবনের নানা বাধা অতিক্রম করে কীভাবে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করেছেন এবং প্রবাসী বাংলাদেশি সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন, তার বিবরণ রয়েছে আত্মজীবনীতে। তাঁর জীবনকাহিনি ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মরহুমের সহধর্মিণী আন্না ২০১৪ সালে ইন্তেকাল করেন। তিনি দুই কন্যা লিসা ও রেবেকা, ছয়জন নাতি-নাতনি লিয়া, জ্যাকব, এলিনর, কনরাড, অলি ও লটি এবং অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সুহাইল ইবনে আজিজ রানার জীবন ছিল দেশপ্রেম, সংগ্রাম, আত্মমর্যাদা, মানবিকতা ও জনসেবার এক দীর্ঘ পথচলা। মহান মুক্তিযুদ্ধে অবদান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি যে কর্মময় উত্তরাধিকার রেখে গেছেন, তা আগামী প্রজন্মের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদ প্রেরক: শেখ নুরুল ইসলাম
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।