Logo

ইউএসএ নিউজ    >>   আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং উৎসব: সাংবাদিক, রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের মিলনমেলায় টার্কি পরিবেশন, পিঠাপুলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং উৎসব: সাংবাদিক, রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের মিলনমেলায় টার্কি পরিবেশন, পিঠাপুলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং উৎসব: সাংবাদিক, রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের মিলনমেলায় টার্কি পরিবেশন, পিঠাপুলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ এবং প্রবাসের বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং উৎসব উদযাপন করেছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব। গত ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এ উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সিইও রাশেদ আহমেদ। তিনি উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, থ্যাঙ্কসগিভিং কেবল একটি উৎসব নয়, এটি কৃতজ্ঞতা, সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রকাশের একটি বিশেষ উপলক্ষ। প্রবাসে বসবাস করেও বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে ঐক্য ও বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিফা আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টির নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব ফাহাদ সোলায়মান, অ্যাটর্নি মঈন চৌধুরী, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লাভলু আনসার প্রমুখ। বক্তারা থ্যাঙ্কসগিভিংয়ের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসবের মূল শিক্ষা হচ্ছে জীবনের প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ, পরিবার-পরিজন ও সমাজের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমেরিকার বহুজাতিক সমাজে এই উৎসব বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা বহন করে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশি অভিবাসীরা আমেরিকার অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হলে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং নতুন প্রজন্মের সঙ্গে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলা প্রয়োজন। সাংবাদিকদেরও কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়। ১৬২১ সালে ম্যাসাচুসেটসের প্লাইমাউথে ইংরেজ বসতি স্থাপনকারী ও স্থানীয় ওয়াম্পানোগ জনগোষ্ঠীর মধ্যে ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি ঐতিহাসিক আয়োজনকে এ উৎসবের প্রাথমিক ঐতিহাসিক সূত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে এর ইতিহাস ও স্থানীয় আদিবাসীদের অভিজ্ঞতা বহুমাত্রিক। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গৃহযুদ্ধের সময় জাতীয়ভাবে থ্যাঙ্কসগিভিং পালনের ঘোষণা দেন। পরবর্তীতে ১৯৪১ সালে মার্কিন কংগ্রেস নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে ফেডারেল থ্যাঙ্কসগিভিং দিবস হিসেবে নির্ধারণ করে। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিন। এদিন পরিবার-পরিজন একত্রিত হওয়া, বিশেষ খাবার পরিবেশন, কৃতজ্ঞতা প্রকাশ এবং মানবিক সহমর্মিতা চর্চার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেস মিনিস্টার ও সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ, ড. রফিকুল ইসলাম, ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসাইন বাদল, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, তারার আলো উইমেনস সোসাইটির সভাপতি মিনা ইসলাম, মীর মিলনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান, সহসভাপতি আলীম খান আকাশ, প্রচার সম্পাদক আনিসুর রহমান এবং সদস্য লাভলু আনসার, কানু দত্ত, নুরুন্নাহার নিশা, অনিক রাজ, সমীক আহম্মেদ, তপন চৌধুরী, মাইনুল ইসলাম ও শাহীন হাওলাদারসহ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল উপস্থিত অতিথিদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী টার্কি কাটার আয়োজন। আনন্দ ও কৃতজ্ঞতার আবহে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের খাবার উপভোগ করেন। একই সঙ্গে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহনকারী নানা স্বাদের পিঠাপুলি আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা। আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিংয়ের সঙ্গে বাঙালির নিজস্ব খাদ্যসংস্কৃতির এমন মেলবন্ধন উপস্থিত সবার মধ্যে বিশেষ আনন্দের সৃষ্টি করে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের নন্দিত সংগীতশিল্পী ও মাটির গানের সিইও শাহীন হোসেন। তাঁর পরিবেশনায় বাংলা গানের সুর ও মাটির ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। তবলায় সহযোগিতা করেন বরেণ্য তবলা বাদক তপন মোদক। সংগীত ও তবলার অপূর্ব সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে ওঠে উপভোগ্য ও প্রাণবন্ত। অতিথিরা গান, আড্ডা ও সুস্বাদু খাবারের মধ্য দিয়ে আনন্দঘন সময় কাটান।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি রাশেদ আহমেদ উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবাইকে থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটির কল্যাণে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর সমাপনী ঘোষণার মধ্য দিয়ে আনন্দঘন থ্যাঙ্কসগিভিং উৎসবের পরিসমাপ্তি ঘটে।