Logo

আন্তর্জাতিক    >>   ফিলিস্তিনের রক্তাক্ত ইতিহাস

ফিলিস্তিনের রক্তাক্ত ইতিহাস

ফিলিস্তিনের রক্তাক্ত ইতিহাস

ড. রফিকুল ইসলাম:

বাস্তুচ্যুত মানুষের কান্না ও স্বাধীনতার অনন্ত প্রতীক্ষা...

ইতিহাসের কিছু ভূখণ্ড শুধু মানচিত্রের অংশ নয়; সেগুলো মানুষের স্মৃতি, সভ্যতা, ধর্মবিশ্বাস, আত্মপরিচয় এবং অশ্রুর সঙ্গে মিশে থাকে। ফিলিস্তিন তেমনই একটি ভূখণ্ড। এখানে প্রতিটি প্রাচীন পাথরের গায়ে ইতিহাস লেখা, প্রতিটি জলপাইগাছের শিকড়ে স্মৃতির বসতি, প্রতিটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কোনো না কোনো পরিবারের অসমাপ্ত গল্প।
ফিলিস্তিনের ইতিহাস কেবল একটি রাষ্ট্রের জন্ম না হওয়ার ইতিহাস নয়; এটি একই ভূখণ্ডে দুই জাতির জাতীয় আকাঙ্ক্ষা, ধর্মীয় আবেগ, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ঔপনিবেশিক সিদ্ধান্ত, যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং আন্তর্জাতিক কূটনীতির এক দীর্ঘ ও জটিল উপাখ্যান। এই ইতিহাস বুঝতে হলে শুধু যুদ্ধের সাল-তারিখ জানলেই চলবে না; জানতে হবে মানুষের ঘর হারানোর বেদনা, নিরাপত্তাহীনতার ভয়, পরিচয় রক্ষার সংগ্রাম এবং শান্তির জন্য প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করার নির্মম বাস্তবতা।

১. সভ্যতার প্রাচীন জনপদ:-
যে মাটির স্মৃতি হাজার বছরের-
ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত ফিলিস্তিন প্রাচীনকাল থেকেই এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সংযোগস্থল। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চল ছিল বাণিজ্য, সামরিক অভিযান, ধর্মীয় বিস্তার এবং সাংস্কৃতিক আদান-প্রদানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কানআনীয় সভ্যতার প্রাচীন জনপদ থেকে শুরু করে ইসরায়েলীয় ও যিহূদীয় রাজ্য, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, পারসিক, গ্রিক, রোমান, বাইজেন্টাইন, আরব ও অটোমান শাসন—বিভিন্ন যুগে এই ভূখণ্ডের রাজনৈতিক পরিচয় পরিবর্তিত হয়েছে। কিন্তু মানুষের বসতি, কৃষি, বাণিজ্য, ধর্মীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক ধারাবাহিকতা কখনো সম্পূর্ণ বিলুপ্ত হয়নি।

জেরুজালেম এই ইতিহাসের কেন্দ্রীয় প্রতীক। মুসলমানদের কাছে এটি আল-কুদস, প্রথম কিবলা এবং মেরাজের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। ইহুদিদের কাছে এটি প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের কেন্দ্র। খ্রিষ্টানদের কাছে যিশুখ্রিষ্টের জীবন, মৃত্যু ও পুনরুত্থানের স্মৃতিবিজড়িত পবিত্র নগরী। একটি শহর, তিনটি ধর্মীয় ঐতিহ্য, অসংখ্য মানুষের আবেগ।

ফিলিস্তিনের মাটিতে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিরা বিভিন্ন সময়ে বসবাস করেছেন। এখানে মসজিদের মিনার যেমন আকাশ ছুঁয়েছে, তেমনি গির্জার ঘণ্টাধ্বনি ও প্রাচীন উপাসনালয়ের প্রার্থনাও ইতিহাসের অংশ হয়ে রয়েছে। ষোড়শ শতাব্দীর শুরু থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। দীর্ঘ প্রায় চার শতাব্দী ধরে স্থানীয় আরব মুসলমান ও খ্রিষ্টান জনগোষ্ঠীর পাশাপাশি ইহুদি সম্প্রদায়েরও বসবাস ছিল। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ এবং ইহুদিবিদ্বেষের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক আন্দোলনের উত্থান ঘটে। সেই আন্দোলনের নাম জায়নবাদ।

২. জায়নবাদের উত্থান এবং নতুন রাজনৈতিক বাস্তবতা:-
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতা তীব্র হয়ে ওঠে। অনেক ইহুদি মনে করতে শুরু করেন, নিজেদের নিরাপত্তা, আত্মনিয়ন্ত্রণ ও জাতীয় পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রয়োজন। ১৮৯৭ সালে সুইজারল্যান্ডের বাসেলে থিওডর হার্জলের নেতৃত্বে প্রথম জায়নিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ইহুদি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলনকে সংগঠিত রাজনৈতিক রূপ দেয়।আন্দোলনের লক্ষ্য হিসেবে ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের কারণে ফিলিস্তিনকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, ফিলিস্তিনে তখন বহু প্রজন্ম ধরে বসবাসকারী আরব জনগোষ্ঠীরও নিজস্ব ভূমি, সামাজিক কাঠামো, কৃষিজীবন ও জাতীয় আকাঙ্ক্ষা ছিল।

এখানেই ইতিহাসের দ্বন্দ্বটি ক্রমশ গভীর হতে থাকে। একদিকে ইউরোপে নিপীড়িত ইহুদি জনগোষ্ঠীর নিরাপদ আবাসভূমির আকাঙ্ক্ষা; অন্যদিকে ফিলিস্তিনের স্থানীয় জনগণের ভূমি, রাজনৈতিক অধিকার ও আত্মনিয়ন্ত্রণের দাবি। দুই জনগোষ্ঠীর ঐতিহাসিক অভিজ্ঞতা এক নয়, তাদের বেদনার ধরনও এক নয়। কিন্তু উভয়ের জাতীয় আকাঙ্ক্ষা একই ভূখণ্ডকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ এই সংকটকে আরও জটিল করে তোলে। অটোমান সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকতে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো।

৩. বেলফোর ঘোষণা:-
"একটি চিঠি, যার প্রভাব শতাব্দীব্যাপী।"
১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। ইতিহাসে এটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এতে ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন ব্যক্ত করা হয়। একই সঙ্গে সেখানে বসবাসকারী অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ না করার কথাও বলা হয়েছিল।

কিন্তু ঘোষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অসামঞ্জস্য ছিল—যে জনগোষ্ঠী ফিলিস্তিনে সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদের রাজনৈতিক অধিকার ও জাতীয় আকাঙ্ক্ষাকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। একটি ভূখণ্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ সেই ভূখণ্ডের অধিবাসীদের মতামত ও সম্মতি যথাযথভাবে প্রতিফলিত হলো না। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ সালে লীগ অব নেশনস ব্রিটেনকে ফিলিস্তিন শাসনের ম্যান্ডেট প্রদান করে। ব্রিটিশ প্রশাসনের অধীনে ইহুদি অভিবাসন বাড়তে থাকে। বিশেষ করে ইউরোপে নাৎসিবাদের উত্থান এবং ইহুদিদের ওপর ভয়াবহ নিপীড়নের কারণে ১৯৩০-এর দশকে অভিবাসনের প্রবাহ আরও বৃদ্ধি পায়।

ফিলিস্তিনের আরব জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। তারা আশঙ্কা করছিল, তাদের ভূমি, জনসংখ্যাগত অবস্থান এবং রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ব্রিটিশ শাসন এবং ইহুদি অভিবাসননীতির বিরুদ্ধে বড় ধরনের ফিলিস্তিনি বিদ্রোহ সংঘটিত হয়। ব্রিটিশ বাহিনী কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে। এ সময় থেকেই ফিলিস্তিনের রাজনৈতিক সংকট কেবল প্রশাসনিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তা পরিণত হয় জাতীয় অস্তিত্বের প্রশ্নে।

৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্ট:-
"ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায়।"
১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এক ভয়াবহতম বিপর্যয় সৃষ্টি করে। নাৎসি জার্মানির নেতৃত্বে ইউরোপের প্রায় ৬০ লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ইতিহাসে এই গণহত্যা হলোকাস্ট নামে পরিচিত। ইহুদি জনগোষ্ঠীর ওপর এই বর্বরতা বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাস্তুচ্যুত ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয় এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক রাজনীতিতে আরও শক্তিশালী হয়ে ওঠে।

কিন্তু ইউরোপের অপরাধের দায় ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত ছিল কি না, সেই প্রশ্ন ইতিহাসের বিবেককে আজও তাড়িত করে। একদিকে হলোকাস্টে স্বজনহারা ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তা ও রাষ্ট্রীয় আত্মনিয়ন্ত্রণের ন্যায্য আকাঙ্ক্ষা, অন্যদিকে ফিলিস্তিনের স্থানীয় জনগণের নিজস্ব ভূমিতে স্বাধীনভাবে বসবাসের অধিকার—এই দুই বাস্তবতার মধ্যে ন্যায়সংগত সমাধান খুঁজে পাওয়ার পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি ক্রমশ সংঘাতের দিকে এগিয়ে যায়। ১৯৪৭ সালে ব্রিটেন ফিলিস্তিন সমস্যার সমাধানের দায়িত্ব জাতিসংঘের কাছে হস্তান্তর করে।

৫. ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা:-
১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ১৮১ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে ফিলিস্তিনকে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার পরিকল্পনা দেওয়া হয়—একটি ইহুদি রাষ্ট্র এবং অন্যটি আরব রাষ্ট্র। জেরুজালেমকে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখার প্রস্তাবও ছিল। প্রস্তাব অনুযায়ী, তৎকালীন ফিলিস্তিনের প্রায় ৫৫ শতাংশ ভূখণ্ড ইহুদি রাষ্ট্রের জন্য এবং প্রায় ৪৫ শতাংশ আরব রাষ্ট্রের জন্য নির্ধারিত হয়। তৎকালীন জনসংখ্যার অধিকাংশ ছিল আরব ফিলিস্তিনি। জমির মালিকানা ও জনসংখ্যার বণ্টন বিবেচনায় অনেক ফিলিস্তিনি এই পরিকল্পনাকে অন্যায্য বলে মনে করেন। আরব নেতৃত্ব পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে। অন্যদিকে ইহুদি নেতৃত্ব তা গ্রহণ করে। এরপর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে।

১৯৪৮ সালের এপ্রিল মাসে দেইর ইয়াসিনে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। সশস্ত্র জায়নিস্ট গোষ্ঠীর অভিযানে বহু ফিলিস্তিনি বেসামরিক মানুষ নিহত হন। এই ঘটনার সংবাদ আশপাশের জনপদে আতঙ্ক ছড়িয়ে দেয়। বহু পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পরদিন প্রতিবেশী কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সামরিক, রাজনৈতিক ও মানবিক পরিণতি সমগ্র অঞ্চলের ইতিহাস বদলে দেয়।

৬. নাকবা:-
"একটি জাতির ঘর হারানোর মহাবেদনা।"
১৯৪৮ সাল। ফিলিস্তিনের ইতিহাসে এক কালো অধ্যায়। আরবি ভাষায় নাকবা শব্দের অর্থ মহাবিপর্যয় বা বিপর্যয়। ১৯৪৮ সালের যুদ্ধের সময় এবং তার আগে-পরে প্রায় ৭ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন অথবা বিতাড়িত হন। বহু গ্রাম জনশূন্য হয়ে পড়ে, অসংখ্য বসতি ধ্বংস হয় এবং হাজার হাজার পরিবার ছিন্নভিন্ন হয়ে যায়। কেউ আশ্রয় নেন গাজায়, কেউ পশ্চিম তীরে, কেউ জর্ডানে, কেউ লেবাননে, কেউ সিরিয়ায়। অনেকে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন।

কিন্তু মানুষ শুধু বাড়ি হারায়নি; হারিয়েছে শৈশবের উঠোন, পিতার লাগানো জলপাইগাছ, মায়ের রান্নাঘর, গ্রামের পথ, পারিবারিক কবরস্থান এবং পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত ঠিকানা। কল্পনা করুন, একজন বৃদ্ধ মানুষ জীবনের শেষ প্রান্তে এসে নিজের সন্তানকে বলছেন—এই পথ দিয়ে আমি একদিন স্কুলে যেতাম, ওই পাহাড়ের পাশে ছিল আমাদের বাড়ি, ওই জলপাইবাগানে আমার বাবা কাজ করতেন। সন্তানটি হয়তো কোনো দিন সেই বাড়ি দেখেনি। তবু বাবার স্মৃতির ভেতর সে একটি হারানো দেশকে খুঁজে পায়। এভাবেই জন্ম নেয় প্রজন্মান্তরে বহন করা বাস্তুচ্যুতির বেদনা।

১৯৪৮ সালের যুদ্ধের পর ইসরায়েল তৎকালীন ম্যান্ডেট ফিলিস্তিনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পশ্চিম তীর জর্ডানের এবং গাজা মিসরের নিয়ন্ত্রণে যায়। প্রস্তাবিত স্বাধীন আরব ফিলিস্তিনি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়নি।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১১ ডিসেম্বর ১৯৪ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে শর্তসাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে প্রস্তুত শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়।১৯৪৯ সালে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য UNRWA প্রতিষ্ঠা করে। আজও এই সংস্থার অস্তিত্ব প্রমাণ করে, বাস্তুচ্যুতির সেই সংকট ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকেনি। নাকবা তাই ফিলিস্তিনিদের কাছে শুধু অতীতের কোনো যুদ্ধ নয়; এটি জীবন্ত স্মৃতি, উত্তরাধিকারসূত্রে পাওয়া বেদনা এবং হারানো স্বদেশ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা।

৭. ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ:- "দখলদারত্বের নতুন বাস্তবতা।"
১৯৬৭ সালের জুন মাসে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ শুরু হয়। ইতিহাসে এটি ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত। ইসরায়েল একদিকে এবং মিসর, জর্ডান ও সিরিয়াসহ আরব রাষ্ট্রগুলো অন্যদিকে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। মাত্র ছয় দিনের মধ্যে ইসরায়েল সামরিক বিজয় অর্জন করে এবং পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা, গোলান মালভূমি ও সিনাই উপদ্বীপ দখল করে।

এর ফলে ফিলিস্তিনের রাজনৈতিক ও ভৌগোলিক সংকট আরও গভীর হয়।পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গাজা উপত্যকাও ইসরায়েলের দখলে আসে। ১৯৬৭ সালের যুদ্ধের পর প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হন বলে জাতিসংঘের ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একই বছরের নভেম্বর মাসে ২৪২ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় এবং দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও সব রাষ্ট্রের নিরাপত্তা ও স্বীকৃতির ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানের নীতি তুলে ধরা হয়।

কিন্তু প্রস্তাবের পরও সংকটের স্থায়ী সমাধান আসেনি। বরং ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে শুরু হয় নতুন ধরনের অনিশ্চয়তা। চলাচলে বাধা, সামরিক নিয়ন্ত্রণ, জমি অধিগ্রহণ, বসতি সম্প্রসারণ এবং রাজনৈতিক অধিকারের সীমাবদ্ধতা তাদের জীবনের অংশ হয়ে ওঠে। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনের বিস্তার আন্তর্জাতিকভাবে গভীর বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব ২০১৬ সালে এসব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে কোনো আইনি বৈধতা নেই বলে উল্লেখ করে।

৮. ফিলিস্তিনি জাতীয়তাবাদ ও মুক্তির আন্দোলন:-
দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় পরিচয় ও আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে আরও সুসংগঠিত করে।১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন—পিএলও। পরবর্তী সময়ে ইয়াসির আরাফাত এই সংগঠনের প্রধান নেতৃত্বে উঠে আসেন। পিএলও ফিলিস্তিনিদের জাতীয় অধিকার ও স্বাধীনতার দাবিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে ফিলিস্তিনি আন্দোলনের ইতিহাস একরৈখিক নয়। এর মধ্যে রাজনৈতিক দল, জাতীয়তাবাদী সংগঠন, সশস্ত্র গোষ্ঠী এবং কূটনৈতিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য ছিল।১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকার পুনর্ব্যক্ত করে। একই বছর পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা লাভ করে।১৯৮২ সালে লেবানন যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী লেবাননে অভিযান চালায়। পিএলও নেতৃত্ব বৈরুত ত্যাগ করতে বাধ্য হয়। ফিলিস্তিনি আন্দোলন নতুন রাজনৈতিক ও সামরিক বাস্তবতার মুখোমুখি হয়। কিন্তু একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শুধু নেতৃত্বের স্থান পরিবর্তনের মাধ্যমে মুছে ফেলা সম্ভব হয়নি।

৯. প্রথম ইন্তিফাদা:-
"পাথর হাতে প্রতিরোধের ইতিহাস।"
১৯৮৭ সালের ডিসেম্বর মাসে গাজা উপত্যকা থেকে শুরু হয় ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা। আরবি ইন্তিফাদা শব্দের অর্থ ঝেড়ে ফেলা বা গণ-অভ্যুত্থান। এই আন্দোলন দ্রুত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ছড়িয়ে পড়ে। এটি ছিল দীর্ঘদিনের সামরিক দখল, রাজনৈতিক অধিকারহীনতা, অর্থনৈতিক দুরবস্থা এবং সামাজিক বঞ্চনার বিরুদ্ধে গণপ্রতিরোধ। তরুণেরা রাস্তায় নামে, শ্রমিকেরা ধর্মঘট করে, শিক্ষার্থীরা বিক্ষোভ করে, নারীরা সংগঠিত হন।

কিছু তরুণের হাতে ছিল পাথর, কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও হাতে ছিল প্রতিবাদের প্ল্যাকার্ড। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হাতে ছিল আধুনিক সামরিক অস্ত্র ও নিয়ন্ত্রণব্যবস্থা। সংঘর্ষে বহু মানুষ নিহত ও আহত হন। অসংখ্য মানুষ গ্রেপ্তার হন। স্কুল, দোকানপাট ও স্বাভাবিক জীবনযাত্রা বারবার ব্যাহত হয়। এই আন্দোলন বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের রাজনৈতিক অস্তিত্ব ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্নকে নতুনভাবে তুলে ধরে।
১৯৮৮ সালে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল আলজিয়ার্সে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন নতুন মাত্রা পায়। ১৯৯৩ সালে ইসরায়েল ও পিএলওর মধ্যে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই পক্ষ পারস্পরিক স্বীকৃতি প্রদান করে এবং শান্তিপ্রক্রিয়ার নতুন অধ্যায় শুরু হয়।

১০. অসলো চুক্তি:-
"শান্তির স্বপ্ন, অপূর্ণ প্রতিশ্রুতি।"
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইৎজাক রবিন এবং পিএলও নেতা ইয়াসির আরাফাতের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সারা পৃথিবীর মানুষ আশাবাদী হয়ে উঠেছিল। অনেকেই ভেবেছিলেন, কয়েক দশকের রক্তপাতের অবসান ঘটবে। ফিলিস্তিনিরা নিজেদের রাষ্ট্র পাবে, ইসরায়েল পাবে নিরাপত্তা, আর জেরুজালেম হয়ে উঠবে সহাবস্থানের প্রতীক।

চুক্তির ভিত্তিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিম তীর ও গাজার কিছু অংশে সীমিত স্বশাসনের ব্যবস্থা শুরু হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে যায়। যেমন—

১। জেরুজালেমের চূড়ান্ত মর্যাদা।
২। ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন ও ক্ষতিপূরণের প্রশ্ন।
৩। ইসরায়েলি বসতির ভবিষ্যৎ।
৪। ফিলিস্তিনের সীমানা।
৫। নিরাপত্তা ও সার্বভৌমত্ব।
১৯৯৫ সালে ইৎজাক রবিন হত্যাকাণ্ডের পর শান্তিপ্রক্রিয়া আরও জটিল হয়ে ওঠে।

চুক্তির মাধ্যমে যে আশার সূর্য উদিত হয়েছিল, তা ক্রমশ রাজনৈতিক অবিশ্বাস, সহিংসতা ও পারস্পরিক অভিযোগের মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। ইতিহাসের নির্মমতা হলো- শান্তির জন্য কাগজে স্বাক্ষর করা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জমে থাকা ক্ষত সারাতে প্রয়োজন ন্যায়বিচার, আস্থা এবং বাস্তব রাজনৈতিক সদিচ্ছা।

১১. দ্বিতীয় ইন্তিফাদা:-
"আবারও রক্তাক্ত জনপদ।"
২০০০ সালে আল-আকসা প্রাঙ্গণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়। প্রথম আন্দোলনের তুলনায় এই সংঘাত আরও প্রাণঘাতী ও বিধ্বংসী হয়ে ওঠে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা, আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং ইসরায়েলি সামরিক অভিযানে উভয় পক্ষের বেসামরিক মানুষ প্রাণ হারান।ইসরায়েল নিরাপত্তার যুক্তিতে পশ্চিম তীরে বিচ্ছিন্নতাবেষ্টনী নির্মাণ শুরু করে। ফিলিস্তিনিরা এর ফলে চলাচল, কৃষিকাজ, শিক্ষা ও কর্মসংস্থানে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন।

২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যু ফিলিস্তিনি রাজনীতিতে বড় শূন্যতা সৃষ্টি করে। ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে স্থলবসতি ও স্থায়ী সামরিক উপস্থিতি প্রত্যাহার করে। তবে গাজার আকাশসীমা, সমুদ্রসীমা এবং অধিকাংশ সীমান্ত প্রবেশপথের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বা প্রভাব বহাল থাকে। মিসরও গাজার দক্ষিণ সীমান্তের রাফাহ প্রবেশপথ নিয়ন্ত্রণ করে।২০০৬ সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাস জয়লাভ করে। পরবর্তী রাজনৈতিক দ্বন্দ্ব ও সহিংসতার পর ২০০৭ সালে হামাস গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং ফাতাহ- নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের কিছু অংশে প্রশাসনিক কর্তৃত্ব বজায় রাখে। এর ফলে ফিলিস্তিনি রাজনীতিতে ভৌগোলিক ও প্রশাসনিক বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে।

১২. গাজা:-
"পৃথিবীর বৃহৎ উন্মুক্ত বন্দিশালার বেদনাবিধুর বাস্তবতা।"
গাজা উপত্যকা ভূমধ্যসাগরের তীরবর্তী একটি ছোট ভূখণ্ড। আয়তনে সীমিত হলেও এখানে বসবাসকারী মানুষের সংখ্যা অত্যন্ত বেশি। ১৯৪৮ সালের নাকবার পর বহু ফিলিস্তিনি পরিবার গাজায় আশ্রয় নেয়। ফলে এখানে শরণার্থী শিবির ও ঘনবসতিপূর্ণ জনপদ গড়ে ওঠে। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল কঠোর স্থল, আকাশ ও সমুদ্র অবরোধ আরোপ করে। মিসরও নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে রাফাহ সীমান্তে বিধিনিষেধ আরোপ করে। ফলে গাজার মানুষের জীবন ক্রমশ সংকুচিত হয়ে পড়ে।

জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, নির্মাণসামগ্রী ও চিকিৎসাসেবার প্রবেশ নানা বিধিনিষেধের মুখোমুখি হয়। বেকারত্ব, দারিদ্র্য, বিদ্যুৎ সংকট এবং পানির সংকট মানুষের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে।২০০৮-০৯, ২০১২, ২০১৪ এবং ২০২১ সালে গাজায় বড় ধরনের সংঘর্ষ ও ইসরায়েলি সামরিক অভিযান সংঘটিত হয়। প্রতিটি সংঘাতের পর ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে মানুষ। কোনো মা সন্তান হারিয়েছেন, কোনো শিশু হারিয়েছে বাবা-মা, কোনো পরিবার হারিয়েছে ঘরবাড়ি।

কিন্তু পৃথিবীর কাছে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই গেছে—কোনো রাজনৈতিক বা সামরিক বিরোধের মূল্য কেন সাধারণ মানুষের জীবন দিয়ে পরিশোধ করতে হবে?গাজার শিশুদের কাছে পৃথিবী মানে হয়তো একটি স্কুল, একটি খেলার মাঠ, সমুদ্রের ধারে কিছুটা সময় কিংবা নিরাপদে ঘুমানোর একটি রাত। অথচ সেই স্বাভাবিক অধিকারটুকুও বহু শিশুর জীবনে অনিশ্চিত হয়ে পড়েছে।

১৩. ২০২৩ সালের ৭ অক্টোবর:-
"সংঘাতের ভয়াবহ নতুন অধ্যায়।"
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালায়। হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও ছিলেন। বহু মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

বেসামরিক মানুষকে হত্যা, জিম্মি করা এবং জিম্মিদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানবিক আইন ও নৈতিকতার দৃষ্টিতে এসব কর্মকাণ্ডের নিন্দা অপরিহার্য। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। বিমান হামলা, স্থল অভিযান, অবরোধ এবং সামরিক তৎপরতায় গাজার বিস্তীর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়।হাসপাতাল, বিদ্যালয়, আবাসিক ভবন, শরণার্থী আশ্রয়কেন্দ্র, পানির অবকাঠামো এবং জরুরি সেবাব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। লক্ষাধিক নয়, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুতির শিকার হন। অসংখ্য পরিবার বারবার আশ্রয়স্থল পরিবর্তন করতে বাধ্য হয়। খাদ্য, পানি, ওষুধ, জ্বালানি এবং নিরাপদ আশ্রয়ের সংকট ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে। 

একটি শিশুর হাতে থাকার কথা ছিল বই, খেলনা ও রঙিন পেনসিল। কিন্তু তার হাতে উঠে আসে পানির পাত্র, খাবারের খোঁজ কিংবা হারিয়ে যাওয়া পরিবারের সদস্যের ছবি। একটি মায়ের কাছে থাকার কথা ছিল সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। অথচ তাকে অপেক্ষা করতে হয় হাসপাতালের দরজায়, ত্রাণের লাইনে কিংবা ধ্বংসস্তূপের পাশে।একজন বাবার দায়িত্ব ছিল সন্তানের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ করা। কিন্তু যুদ্ধ তার সামনে কেড়ে নেয় সেই আশ্রয় নির্মাণের সামর্থ্যটুকুও।

এখানে একটি গুরুত্বপূর্ণ নৈতিক পার্থক্য মনে রাখা প্রয়োজন—হামাসের কর্মকাণ্ডের দায় সকল ফিলিস্তিনির নয়; যেমন ইসরায়েলি সরকারের সামরিক কর্মকাণ্ডের দায় বিশ্বের সকল ইহুদি মানুষের নয়। কোনো জনগোষ্ঠীকে সমষ্টিগতভাবে অপরাধী ঘোষণা করা মানবিক ন্যায়বিচারের পরিপন্থী। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো—বেসামরিক মানুষের সুরক্ষা, আনুপাতিকতা, সতর্কতা এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার—সমানভাবে গুরুত্বপূর্ণ।

১৪. আন্তর্জাতিক রাজনীতি, জাতিসংঘ ও দ্বিমুখী নীতির প্রশ্ন:-
ফিলিস্তিন সংকট শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যা নয়; এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বিশ্বরাজনীতির নৈতিকতারও একটি বড় পরীক্ষা। জাতিসংঘ বহুবার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শরণার্থী সমস্যার ন্যায়সংগত সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রীয় পরিচিতি আরও সুদৃঢ় হয়।

বিশ্বের বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্রের ইসরায়েলকেন্দ্রিক কৌশলগত অবস্থান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য সংকটের সমাধানকে জটিল করে রেখেছে।একদিকে ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্বের অধিকার নিয়ে আন্তর্জাতিক আলোচনা হয়, অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দখলদারত্বের অবসানের দাবি অব্যাহত রয়েছে।

এখানে একটি মৌলিক সত্য স্বীকার করতে হবে— ইসরায়েলি সাধারণ মানুষের নিরাপত্তার অধিকার যেমন বাস্তব, ফিলিস্তিনি মানুষের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারও তেমনি বাস্তব।কোনো জাতির নিরাপত্তা প্রতিষ্ঠার নামে অন্য জাতির স্থায়ী অধিকারহীনতা গ্রহণযোগ্য হতে পারে না। আবার স্বাধীনতার দাবির নামে নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলাও ন্যায়সংগত হতে পারে না।

২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত একটি পরামর্শমূলক অভিমতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতিকে বেআইনি বলে মত দেয় এবং সেই পরিস্থিতির অবসানের আইনগত পরিণতি নিয়ে আলোচনা করে। এই অভিমত আন্তর্জাতিক আইনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইসরায়েলি ও ফিলিস্তিনি—উভয় পক্ষের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থায়ী রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

বিশ্বসভ্যতার কাছে প্রশ্ন একটাই—মানবাধিকার কি কেবল শক্তিশালী রাষ্ট্রের নাগরিকদের জন্য, নাকি দুর্বল ও রাষ্ট্রহীন মানুষেরও সমান অধিকার রয়েছে?

১৫. ফিলিস্তিনের সংস্কৃতি:-
"যে পরিচয় বোমায় ধ্বংস করা যায় না।"
ফিলিস্তিনের ইতিহাস কেবল যুদ্ধ ও মৃত্যুর ইতিহাস নয়। এটি এক সমৃদ্ধ সংস্কৃতি, সাহিত্য, শিল্প, সংগীত, কৃষি, স্থাপত্য ও পারিবারিক ঐতিহ্যের ইতিহাস। ফিলিস্তিনের জলপাইগাছ তাদের কাছে শুধু কৃষিসম্পদ নয়; এটি ভূমির সঙ্গে সম্পর্কের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি পরিবার একই জমিতে জলপাই চাষ করেছে। সেই গাছের ছায়ায় শিশুরা বড় হয়েছে, সেই ফল থেকে তৈরি হয়েছে পরিবারের জীবিকা। ফিলিস্তিনি নারীদের ঐতিহ্যবাহী সূচিশিল্প তাতরিজ তাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। পোশাকের নকশায় ফুটে ওঠে অঞ্চল, পারিবারিক ঐতিহ্য ও ইতিহাসের নানা প্রতীক।

ফিলিস্তিনি কবিতা বিশ্বসাহিত্যে বিশেষ মর্যাদা অর্জন করেছে। কবি মাহমুদ দারবিশের কবিতায় স্বদেশহারা মানুষের আকুতি, নির্বাসনের যন্ত্রণা, ভালোবাসা এবং স্বাধীনতার স্বপ্ন এক অনন্য শিল্পরূপ পেয়েছে। তার সাহিত্য আমাদের মনে করিয়ে দেয়—একটি দেশ কেবল ভূখণ্ডের নাম নয়; একটি দেশ মানুষের স্মৃতির নাম, ভাষার নাম, মায়ের মুখের ভাষায় বলা ঘুমপাড়ানি গানের নাম। যে মানুষ নিজের দেশ থেকে দূরে থাকে, সে হয়তো নতুন দেশে বাড়ি তৈরি করতে পারে, ব্যবসা করতে পারে, সন্তানদের শিক্ষিত করতে পারে; কিন্তু শৈশবের গ্রামটি তার স্মৃতির ভেতর থেকে কখনো পুরোপুরি মুছে যায় না। ফিলিস্তিনিদের মধ্যেও এই স্বদেশবোধ প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে।

১৬. ফিলিস্তিনের ভবিষ্যৎ:-
যুদ্ধ নয়, ন্যায়ভিত্তিক শান্তির প্রত্যাশা।ফিলিস্তিন সমস্যার সমাধান শুধু সামরিক শক্তি প্রয়োগ করে সম্ভব নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, অস্ত্র দিয়ে ভূখণ্ড নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষের জাতীয় পরিচয়, স্মৃতি ও স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে ফেলা যায় না। 

একটি স্থায়ী সমাধানের জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ:
প্রথমত, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার: তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, ইসরায়েলের নিরাপত্তা: ইসরায়েলের সাধারণ নাগরিকদের নিরাপত্তা, জীবন ও রাষ্ট্রীয় অস্তিত্বের স্বীকৃতি থাকতে হবে।
তৃতীয়ত, দখলদারত্ব ও বসতি সমস্যার সমাধান: আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
চতুর্থত, জেরুজালেমের মর্যাদা: মুসলমান, ইহুদি ও খ্রিষ্টান—সবার ধর্মীয় অনুভূতি ও উপাসনার অধিকার রক্ষা করতে হবে।
পঞ্চমত, শরণার্থীদের অধিকার: ১৯৪৮ ও ১৯৬৭ সালের বাস্তুচ্যুত মানুষ এবং তাদের বংশধরদের প্রশ্নে ন্যায়সংগত, আলোচনাভিত্তিক সমাধান প্রয়োজন।
ষষ্ঠত, মানবিক পুনর্গঠন: গাজার হাসপাতাল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আবাসন, পানি ও বিদ্যুৎব্যবস্থা পুনর্নির্মাণ করতে হবে। শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং নিরাপদ শৈশব ফিরিয়ে দিতে হবে।

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কূটনীতির প্রধান কাঠামো হিসেবে আলোচিত হয়ে আসছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিন—দুটি স্বাধীন, নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে সীমান্ত, নিরাপত্তা, জেরুজালেম, শরণার্থী ও সার্বভৌমত্বের প্রশ্নে গ্রহণযোগ্য সমঝোতার ওপর। শান্তি মানে শুধু গোলাগুলি বন্ধ হওয়া নয়। শান্তি মানে এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো ফিলিস্তিনি শিশুকে নিজের পরিচয় নিয়ে ভীত হতে হবে না; কোনো ইসরায়েলি শিশুকে রকেট হামলার আতঙ্কে ঘুমাতে হবে না; কোনো মাকে সন্তানের মৃত্যুসংবাদ শোনার আশঙ্কায় রাত কাটাতে হবে না।

১৭. উপসংহার:-
"একটি শিশুর চোখে পৃথিবীর কাছে ফিলিস্তিন।"
ফিলিস্তিনের ইতিহাসের দিকে তাকালে মনে হয়, সময় যেন সেখানে বারবার থমকে দাঁড়িয়েছে। একটি শিশু জন্ম নেয়, কিন্তু তার জন্মভূমির সীমানা সে জানে না। একটি পরিবার বাড়ি তৈরি করে, কিন্তু সেই বাড়ির স্থায়িত্বের নিশ্চয়তা পায় না। একজন বৃদ্ধ মৃত্যুর আগে নিজের গ্রামে ফিরে যেতে চান, কিন্তু তার হাতে থাকে কেবল পুরোনো একটি চাবি।

সেই চাবিটি হয়তো বহু বছর আগে হারিয়ে যাওয়া বাড়ির। দরজাটি হয়তো আর নেই, বাড়িটি হয়তো ধ্বংস হয়ে গেছে, গ্রামের নামও হয়তো মানচিত্র থেকে মুছে গেছে। তবু চাবিটি যত্ন করে রেখে দেন বৃদ্ধ মানুষটি। কারণ সেটি শুধু লোহার তৈরি একটি বস্তু নয়; সেটি তাঁর হারানো জীবনের প্রতীক। ফিলিস্তিনের ইতিহাসে এমন অসংখ্য চাবি রয়েছে, অসংখ্য পারিবারিক ছবি রয়েছে, রয়েছে হারিয়ে যাওয়া বাড়ির ঠিকানা, রয়েছে প্রজন্মান্তরে বয়ে চলা প্রত্যাবর্তনের স্বপ্ন।

এই ইতিহাস আমাদের শেখায়, কোনো জাতির বেদনা দিয়ে অন্য জাতির বেদনা বিচার করা যায় না। ইহুদিদের ওপর হলোকাস্টের ভয়াবহতা যেমন মানবসভ্যতার কলঙ্ক, তেমনি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, দখলদারত্ব ও দীর্ঘ মানবিক বিপর্যয়ও সভ্যতার বিবেকের কাছে এক গভীর প্রশ্ন। একজন ইসরায়েলি মায়ের চোখের জল এবং একজন ফিলিস্তিনি মায়ের চোখের জলের মধ্যে মানবিক কোনো পার্থক্য নেই। দুই মায়ের ভাষা আলাদা হতে পারে, জাতীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা একই।

যে রাজনীতি মানুষের জীবনকে তুচ্ছ করে, যে জাতীয়তাবাদ অন্যের অস্তিত্বকে অস্বীকার করে, যে ধর্মীয় উন্মাদনা নিরীহ মানুষের রক্তপাতকে বৈধতা দেয়—তা কখনো মানবসভ্যতার কল্যাণ বয়ে আনতে পারে না। ফিলিস্তিনের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে। ইসরায়েলের সাধারণ মানুষের নিরাপত্তার অধিকারকেও সম্মান করতে হবে। যুদ্ধাপরাধ, সন্ত্রাস, নির্বিচার হত্যা, জিম্মি করা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বেসামরিক মানুষের ওপর নিপীড়নের বিরুদ্ধে একই নৈতিক অবস্থান গ্রহণ করতে হবে।

"কারণ পৃথিবীর কোনো শিশুর জন্ম পরিচয় তার মৃত্যুদণ্ড হতে পারে না।"
"কোনো মায়ের মাতৃভূমি হারানোর যন্ত্রণা আন্তর্জাতিক রাজনীতির হিসাবের নিচে চাপা পড়ে থাকতে পারে না।"
"কোনো মানুষের স্বাধীনতার স্বপ্নকে অনন্তকাল বন্দি করে রাখা যায় না।"
ফিলিস্তিন হয়তো আজও রক্তাক্ত, হয়তো তার আকাশে এখনো বারুদের গন্ধ, হয়তো তার অলিগলিতে এখনো স্বজনহারা মানুষের কান্না। কিন্তু ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় একটি সত্য অমোচনীয়—মানুষ স্বাধীনতা চায়, নিরাপত্তা চায়, মর্যাদা নিয়ে বাঁচতে চায়।

একদিন হয়তো জেরুজালেমের আকাশে যুদ্ধবিমানের গর্জন নয়, শোনা যাবে প্রার্থনার ধ্বনি। গাজার ধ্বংসস্তূপের জায়গায় নির্মিত হবে বিদ্যালয়, হাসপাতাল ও শিশুদের খেলার মাঠ। জলপাইবাগানে ফিরে আসবে কৃষক, সমুদ্রতীরে ফিরে আসবে জেলেরা, আর শরণার্থী শিবিরের শিশুরা প্রথমবারের মতো স্বপ্ন দেখবে একটি নিরাপদ আগামী দিনের। সেদিন ফিলিস্তিনের ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হবে—যেখানে বিজয়ী হবে কোনো অস্ত্র নয়, কোনো সামরিক শক্তি নয়, কোনো প্রতিশোধের রাজনীতি নয়; বিজয়ী হবে মানবতা।
কারণ একটি ভূখণ্ডের প্রকৃত বিজয় তখনই ঘটে, যখন সেখানে মানুষ আর মৃত্যুর ভয় নিয়ে নয়, জীবনের আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারে।

লেখক: বিশ্ব মানবাধিকার প্রত্যাশি, সেচ্চাসেবী সংগঠক ও গবেষক।