বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের বিভিন্ন শিল্প খাতে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। এ বিষয়ে একটি তদন্ত শেষ হওয়ার পর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় বুধবার রাতে) তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে যাচ্ছে। এসব শুল্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বেশ কিছু শুল্ক বাতিল করে দেন। নতুন এই শুল্কের মাধ্যমে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে প্রশাসন।
দেশভেদে নির্ধারিত হবে শুল্কের হার
নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হতে পারে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে এই তদন্ত পরিচালনা করেছে ইউএসটিআর।
তবে হোয়াইট হাউজ চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা বজায় রাখবে বলে জানা গেছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা বহাল থাকবে।
অন্যদিকে, চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমিত রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেই কেবল এই সীমা কার্যকর থাকবে। অন্যথায় চীনা পণ্যে শুল্ক আরও বাড়তে পারে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউজ ও ইউএসটিআরের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো জবাব দেয়নি।
১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব আসতে পারে
মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনটি বেশ দীর্ঘ হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথক শুল্ক ব্যবস্থার সুপারিশ থাকতে পারে।
তিনি বলেন, যেসব দেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা পাওয়া যাবে, সেসব দেশের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হতে পারে। বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে আগে আরোপ করা ১০ বা সাড়ে ১২ শতাংশ শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।
তবে শুরুতে তুলনামূলক কম শুল্ক আরোপ করে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য শর্ত জুড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন মাজেরাস। সে ক্ষেত্রে দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা না কমালে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে শুল্কের হার বাড়তে পারে।
তদন্তের তালিকায় বাংলাদেশসহ যেসব দেশ
যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্যিক অংশীদার হলো—বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
গত মার্চে ইউএসটিআর এই তদন্ত শুরু করে। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন প্রয়োগের দুর্বলতা নিয়েও আরেকটি তদন্ত শুরু হয়।
মূলত গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক ব্যবস্থা পুনর্গঠন এবং নতুন আইনি কাঠামোর আওতায় শুল্ক আরোপের পথ তৈরি করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স, জাগোনিউজ



















