দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে শঙ্কা, নজর রাখছে ফিফা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশ ঢেকে যাওয়ায় ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও ফিফা জানিয়েছে, পরিস্থিতি তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
দক্ষিণমুখী বাতাসের প্রভাবে শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বেশ কয়েকটি এলাকায় কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ওয়াশিংটনের বায়ুমান সূচক (AQI) ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছে যায়। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
নিউ জার্সির উন্মুক্ত মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের কথা রয়েছে। তবে স্টেডিয়াম এলাকার বায়ুমান বর্তমানে সংবেদনশীল ব্যক্তি ও শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ধোঁয়াশার কারণে নিউইয়র্কের ম্যানহাটনের বহুতল ভবনগুলোও প্রায় দেখা যাচ্ছিল না, যদিও শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
এদিকে ডেট্রয়েট ও শিকাগো শহরের বায়ুমান ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, এই দুই শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (NWS) সতর্ক করেছে, শনিবার সকাল নাগাদ ধোঁয়ার ঘনত্ব আরও বাড়তে পারে।
ফাইনাল ম্যাচ ঘিরে উদ্বেগ বাড়লেও ফিফা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আয়োজকরা আবহাওয়া ও বায়ুমানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ফিফা সদর দপ্তরে জাতীয় আবহাওয়া অধিদপ্তরের একজন বিশেষজ্ঞ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছেন। একই সঙ্গে এ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর মধ্যে আলোচনা হওয়ার কথাও জানা গেছে।
আবহাওয়াবিদ পিটার মুলিনাক্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, গ্রেট লেকস অঞ্চল থেকে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে আরও ধোঁয়া প্রবেশের সম্ভাবনা থাকলেও ফাইনালের দিন পরিস্থিতির উন্নতি হতে পারে। তার মতে, ম্যাচ বাতিল হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে বায়ুমান পূর্বাভাস বিশেষজ্ঞ জোয়েল ড্রিসেন বলেন, সপ্তাহান্তের ঝড়ের গতিপ্রকৃতি পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলবে। ঝড় শেষে উত্তর দিক থেকে নতুন করে ধোঁয়া দক্ষিণে নেমে এলে বায়ুমানের আরও অবনতি হতে পারে।
চলমান বিশ্বকাপে এর আগেও আবহাওয়ার কারণে কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর মধ্যে ঝড়ের কারণে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এছাড়া তীব্র তাপপ্রবাহের কারণে একাধিক ম্যাচের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন আবহাওয়াবিদরা।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী ‘হিট ডোম’ বা তাপ বলয়ের প্রভাব বিরাজ করছে। অনেক আয়োজক শহরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে দাবানলের ধোঁয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ















