ম্যাচসেরার পুরস্কার, মুসলিমদের সম্মানে যে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান জানিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে ফিফা। নতুন এই ব্যবস্থার আওতায় কিছু খেলোয়াড়ের জন্য পুরস্কার ও মঞ্চ থেকে অ্যালকোহল-সম্পর্কিত স্পন্সর ব্র্যান্ডিং সরিয়ে দেওয়া হচ্ছে।
বিষয়টি প্রথম আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরা নির্বাচিত হলেও পুরস্কার গ্রহণের সময় তার ট্রফি ও ব্যাকড্রপে সাধারণত ব্যবহৃত বিয়ার ব্র্যান্ডের লোগো দেখা যায়নি। এর পরিবর্তে ব্যবহার করা হয় নিরপেক্ষ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং।
শুধু সাইবারিই নন, একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের ক্ষেত্রেও। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব খেলোয়াড়ের ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ কিংবা নিরুৎসাহিত করা হয়, তাদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করেছে ফিফা।
এ বিষয়ে ফিফার এক মুখপাত্র জানান, নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধে স্পন্সরবিহীন পুরস্কার ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই নীতি অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। ফুটবল বিশ্বে এমন ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ আল-শেনাওয়ি অ্যালকোহল স্পন্সরযুক্ত ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও লিগে উদযাপন ও পুরস্কার প্রদানের ধরনে পরিবর্তন আনা হয়েছে। কোথাও অ্যালকোহলযুক্ত বোতলের পরিবর্তে অ্যালকোহলমুক্ত বিকল্প ব্যবহার করা হয়েছে, আবার কোথাও স্পন্সর ব্র্যান্ডিং সীমিত করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপে ফিফার এই পদক্ষেপকে অনেকেই খেলাধুলায় ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি বিশ্ব ফুটবলে অন্তর্ভুক্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তাকে আরও শক্তিশালী করবে। সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ, নাটশেল টুডে ও জাগো নিউজ



















