Logo

খেলাধুলা    >>   সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পথে আর্জেন্টিনা-ব্রাজিল?

সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পথে আর্জেন্টিনা-ব্রাজিল?

সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পথে আর্জেন্টিনা-ব্রাজিল?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইগুলোর একটি হলো আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আর সেটি যদি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে হয়, তাহলে উত্তেজনা পৌঁছে যাবে ভিন্ন উচ্চতায়। ২০২৬ বিশ্বকাপে এমন এক স্বপ্নের দ্বৈরথের সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা কখনো সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। নকআউট পর্বের বর্তমান ব্র্যাকেট অনুযায়ী, দুই দলই যদি রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনাল সফলভাবে পেরিয়ে যায়, তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। তারা আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল।

অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও গ্রুপ পর্ব শেষ করেছে দারুণভাবে। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও উন্নত গোল ব্যবধানের কারণে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে ব্রাজিল।

রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। বর্তমানে সেই দৌড়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ইতোমধ্যে তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি ইতিহাসও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১০৬ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪১টি ম্যাচ, ব্রাজিল ৩৯টি এবং ২৬টি ম্যাচ ড্র হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, আর একটি ম্যাচ ড্র হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, ফুটবলপ্রেমীরা ২০২৬ বিশ্বকাপে দেখতে পারেন বহু প্রতীক্ষিত এক মহারণ—আর্জেন্টিনা বনাম ব্রাজিল, বিশ্বকাপের সেমিফাইনালে। সূত্র: জাগোনিউজ