পরিযায়ী পাখি - কল্পনা ব্যানার্জী
- By Progga News Desk --
- 14 May, 2026
পরিযায়ী পাখি
কল্পনা ব্যানার্জী
বয়ঃসন্ধির এক প্রভাতে গলিত সোনার মত আলো দেখা দিল চারিদিকে
ভাসাল আমায় বন্যার মত দিকবিদিকে।
মনের কোনায় উঁকি দিল কত কিছু
খোঁজা হল শুরু।
একটা হাত, যে হাত ধরবে শক্ত করে আমায় ,
একটা কাঁধ যাতে রাখবো মাথা নির্ভাবনায়।
একটা গোটা মানুষ যে আমার শুধু আমার কাছে রবে।
দেবে উষ্ণতা বিপদে সহায় হবে॥
আকন্ঠ তৃষ্ণায় বাড়াই হাত আকুল হয়ে
সেই খোঁজা শুরু ।বড় একা লাগে।
তুমি এলেনা যে।
যখন আমার চোখে সবই রঙ্গীন সবই সবুজ।
অনাগত তারুণ্যের উদ্ভাস
পাগল পারা রূপের চ্ছটায় প্রকৃতি র অভিসার।
সে অভিসারে আমার নেই অধিকার।
তুমি এলে না যে॥
অবুঝ তারুন্য পথ হারাতে পারত হয়ে দিশাহারা ।
পথ হারানো পথিকের আশায় কাটিয়ে দিল একা
তুমি তখন ও এলেনা।
বয়ঃসন্ধি কেটে গেল তার সাহারার অগ্নি দহন নিয়ে বুকে।
যখন তারুন্যে সবই ভাল সবই সুন্দর। তখন ও চেয়েছি তোমায়।
স্বপ্নে দেখা রাজ পুত্রের ঘোড়ায় চড়ে আসার শব্দ শুনেছি বারে বার
কল্পনায় শুনেছি আঘাত, খোল দ্বার খোল দ্বার
জানি তুমি আসনি তবু ছুটে গেছি বারে বার।
ফিরেছি শূণ্য হাতে অবাক বিস্ময়ে
কেউ নেই কোথাও নেই।
আবার যন্ত্রনা বুকে।
কেন এমন হয় হিসেব মেলেনা যে।
যখন বয়ে যায় বসন্ত বাতাস, বার্তা নিয়ে সুন্দরের।
নীল আকাশ রয়ে যায় নির্মলের প্রতীক হয়ে।
বর্ষা আসে শুদ্ধতা নিয়ে।
গ্রীষ্মের দহন শুধু পাওনা আমার,
এ কেমন বিচার তোমার।
সময় হলনা আসার।
একা একা চলে যায় দিন
আশা নিয়ে বুকে, দিন গিয়ে রাত। ফিরে আসে সকাল।
তারুন্য ফিকে হয়। সায়াহ্ণ ঘনায়।
মনে হয় কেউ থাকলে ভাল হত।কত কথা বুকে জমা।
কারুকে এ জীবনে হয়নি বলা।
আজ মনে হয় জীবন নদীর কিনারায়,
এ বরং ভালই হল তোমার না আসায়।
নিজের শক্তিকে জেনেছি, বিধি নিষেধের বেড়াজালে যে কখন বন্দী থাকেনি।
একাকিত্ব শিখিয়েছে আমায় আমি পারি আমি সব পারি।
ভাগ্যিস আসনি ।
আকাশ পানে বাড়াই হাত উচ্চ কন্ঠে বলি,
সাদা কালো নীল ধূসর যে রঙেই আসুক ধরা,
উড়তে আমার নেই মানা।আকাশ আমি হাতের মুঠোয় ধরি।
আমি স্বাধীন আমি মুক্ত আমি পরিযায়ী পাখী ।















