বিজয় কৃষ্ণ সাহার একগুচ্ছ কবিতা
বিজয় কৃষ্ণ সাহার একগুচ্ছ কবিতা
হেমন্তের রঙিন পার্ক
বিজয় কৃষ্ণ সাহা
হেমন্ত আসে সোনার রঙে, প্রকৃতি সাজে নতুন রূপে,
গাছের পাতায় রঙের খেলা, মন হারিয়ে যায় তার রূপে।
সবুজ পাতায় হলুদ আভা, কোথাও লালের মায়া,
ঝরা পাতার মর্মর ধ্বনি হৃদয় করে ছায়া।
সৌন্দর্যপিপাসু মানুষ ছুটে পার্কের পথে পথে,
কেউবা হাঁটে প্রিয়জনের হাতটি রেখে হাতে।
পায়ের নিচে শুকনো পাতা, খসখস শব্দ তোলে,
মিষ্টি রোদের সোনার পরশ মনকে দোলা দেয় দোলে।
কেউবা বসে বেঞ্চির পরে, স্মৃতির পাতা ওল্টায়,
কেউবা আবার ক্যামেরা হাতে প্রকৃতিকে ফ্রেমে বাঁধায়।
শিশুর হাসি, পাখির গান, বাতাসে মিষ্টি সুর,
হেমন্ত যেন রূপকথার এক অপরূপ নূপুর।
ঝরা পাতার বিছানা জুড়ে প্রকৃতি লেখে গান,
রঙিন ঋতুর মায়ায় ভরে উদাসী এই প্রাণ।
হেমন্ত তুমি ক্ষণিক অতিথি, তবু কী অপরূপ!
তোমার মাঝে খুঁজে পাই জীবনেরই রঙিন রূপ।
——————————————-
“ভালোবাসা মানে”
বিজয় কৃষ্ণ সাহা
ভালোবাসা মানে এক চিলতে রোদ, বিষন্ন এক ভোর,
অবাধ্য কিছু সুখের সমৃতি, আগলে রাখে ঘোরে।
ভালোবাসা মানে দুটি হৃদয়ের না বলা যত কথা,
এক ফোঁটা জলে মুছে দেওয়া শত জনমের ব্যাথা।
সে তো এক নদীর মত চলা, মোহনার টানে ছুটে,
এক ফালি চাঁদের আলো যেমন স্নিগ্ধ রাতে ফোটে।
ভালোবাসা মানে মৌন চোখের গভীর আকুলতা,
হাজার ভিরের মাঝেও কেবল গোপন ব্যাকুলতা।
কখনো সে এক শ্রাবণ মেঘের শান্ত শীতল গান,
উজাড় করে দেওয়া এক ব্যাকুল অবুঝ প্রান।
ভালোবাসা মানে হাতটি ধরে বহুদূর হেঁটে যাওয়া,
ঝড়ের দিনও এক ছাদের নীচে একটু আশ্রয় পাওয়া।
কোন শর্ত ছাড়া জড়িয়ে নেওয়া চেনা সেই চাদরে,
অভিমানী বুকে ভরিয়ে দেওয়া মায়াবী কোন আদরে।
ভালোবাসা মানে দূর সীমানায় একলা জেগে থাকা,
মনের ক্যানভাসে গোপনে শুধু একজনের ছবি আঁকা।
জীবনের সব কোলাহল শেষে তুমিই আমার শান্ত,
তোমার বুকেই জুড়ায় এ মন, যখন ব্যাকুল-ক্লান্ত।
ভালোবাসা তবে বেঁচে থাকুক চিরকাল আমাদের এই নীড়ে,
মিশে থাক দুটি পবিত্র আত্মা মহাকালের ভীড়ে।
——————————————
রক্তের কালিতে লেখা ৩রা নভেম্বর
বিজয় কৃষ্ণ সাহা
কারাগারের ঐ আঁধার প্রকোষ্ঠে স্তব্ধ রাতের বেলা,
ঘাতকের দল খেলে গেল এক নির্মম নিষ্ঠুর খেলা।
পঁচাত্তরের লাল রক্তের দাগে থমকে দাঁড়াল কাল,
যে চার নক্ষত্র জ্বালিয়েছিলেন স্বাধীনতার মশাল।
সৈয়দ নজরুল, তাজউদ্দীন, এম মনসুর, কামারুজ্জামান,
দেশের মাটিতে সঁপে দিয়েছিলেন নিজেদের শেষ প্রাণ।
বঙ্গবন্ধুর বিশ্বস্ত সাথী, মুক্তির মূল কারিগর,
কারাগারে শেষ নিঃশ্বাস ফেলে হলেন যে অমর।
লোহার গরাদে রচিত হলো এক বিষাদময় ইতিহাস,
বাতাসে ছড়ালো মহান নেতাদের শেষ নিঃশ্বাসের বিশ্বাস।
শৃঙ্খল ভাঙার সাহসী সৈনিক, তোমরা বিজয়ী বীর,
তোমাদের স্মরণে আজ নত হয় লাখো বাঙালির শির।
জেল হত্যা দিবস কেঁদে যায় আজও ৩রা নভেম্বরে,
শ্রদ্ধায় তোমাদের নাম গাঁথা রবে প্রতিটা বাঙালির ঘরে।
তোমাদের স্মৃতি মুছে যাবে না তো কোনোদিন কালস্রোতে,
রক্তে লেখা এই আত্মত্যাগ আলো দেবে মুক্তির পথে।



















