কবিতা: স্নানঘরে—সোমা ঘোষ মণিকা
স্নানঘরে
সোমা ঘোষ মণিকা
পায়ের পাতায় বিগত জীর্ণ শীর্ণ পাপের প্রলেপ
কর্পূর গন্ধে মাতাল মহুয়া বন;
একটি পেঁচা ভেন্টিলেটর গলিয়ে—
চোখে চাখে নোনা পাপ—
তারপর আরো একটি দীর্ঘশ্বাস
পেছনে লুকিয়ে রাখি খোচপাচড়া।
অনন্তযৌবনা গ্লানির আবডালে কুচযুগ ভরেছে কুর্চি ফুলে।
দগদগে গায়ে ভরা মুখটাতে সাবান ডলে নিই
একটু সময় ধরে,
চেয়ে দেখি তেলাপোকার খোলসে ভরা স্নানঘরে
মথ ছিঁড়ে বেরিয়েছে রঙিন জামা পরা একটি
প্রজাপতি।



















