Logo

সাহিত্য সংস্কৃতি    >>   সুফিয়ান  আহমদ  চৌধুরীর একগুচ্ছ কবিতা

সুফিয়ান  আহমদ  চৌধুরীর একগুচ্ছ কবিতা

সুফিয়ান  আহমদ  চৌধুরীর একগুচ্ছ কবিতা

সুফিয়ান  আহমদ  চৌধুরীর একগুচ্ছ কবিতা

 

প্রেমের হাওয়ায় মাতাল মন
সুফিয়ান  আহমদ  চৌধুরী
 
আকাশ নীলে পাখির ওড়াউড়ি
মন ছুটে যায়
দূর থেকে দূরে
 
স্বপ্নের ভেলায় ভাসে আমার মন
নয়ন জুড়ে নাচে সৌন্দর্যের অপূর্ব
 
ভালোবাসা রঙিন হয় পাতাবাহারে
পাখির ওড়াউড়ি সবুজের ফাঁকে
কন্ঠে গান সুখ আনন্দের।
 
প্রেমের হাওয়ায় উন্মনা মন
দেশকে ভালোবাসি আমি
প্রিয় স্বদেশ আমার,প্রিয় মাতৃভূমি।
 
পুকুরে জলে শাপলা হাসে
কাঁখে কলসি পায়ে নূপুর
বধূ যায় নদীর ঘাটে বিজন দুপুরে।
 
দুরন্ত রাখাল বাঁশি বাজায়
মিষ্টি সুরে সুরে
ফোটে গ্রাম স্বপ্নের উঠোন।
 
আমাদের পূর্ব পুরুষের  ঘামের গন্ধে আকুল আমি
শেকড় আমাকে প্রতিদিন টানে যাদুর মতো
আমি সুখ পাই খোঁজে পিতামহের ডায়েরি খোঁজে
গোলাভরা শস্যের লাবণ‍্য ঝরা হাসিতে।
 
ইচ্ছে করে আকাশের নীল ছুঁয়ে
পাখির নীল রাজ‍্যে হারিয়ে যাই।
 
 
 
 
 
শ্যামল বরণ গাঁয়
সুফিয়ান  আহমদ  চৌধুরী
 
আকাশ নীলে পাখির মেলা
খোকার হাতে বাঁশি,
কতই খুশি খোকার মনে
আলোর রাঙা হাসি।
 
খুকুর চুলে গোলাপ ফুল
খেলার ঘরে ধুম,
অথই সুখে রাঙায় মন
হাওয়া দেয় চুম।
 
সবুজ শোভা রূপের হাসি
জুড়িয়ে মন যায়,
বাউল কন্ঠে দেশের গান
আনন্দে গান গায়।
 
চাষির চোখে মাঠের ধান
রঙিন স্বপ্ন আঁকে,
সূর্যের আলো ইলিক ঝিলিক
বাঁশ ঝাড়ের ফাঁকে।
 
গাঁয়ের বধূ কলসি কাঁখে
পুকুর ঘাটে হাসে,
শাপলা বিলে শাপলা শালুক
মধুর স্বপ্ন ভাসে।
 
অমনি করে রঙিন দিন
শ্যামল বরণ গাঁয়,
সরলভাবে কাটায় গাঁয়
সুখে কী রাঙায়!
 
চাঁদের হাট চাঁদের মেলা
হাসির বানে সুখ,
শ্যামল বরণ গাঁওটা হাসে
উজালা সুখে মুখ।
 
 
 
 
সোনার দেশ সোনার বাংলা
সুফিয়ান  আহমদ  চৌধুরী
 
সোনার দেশ সোনার বাংলা
মনটা জুড়ে  গাঁথা,
সবুজ শোভা রূপের মেলা
শীতল পাটি কাঁথা।
 
সোনার বাংলা গানে আমার
মনটা রাঙিয়ে যায়,ড়্গ
গাছের ডালে মধুর সুরে
পাখ পাখালি গায়।
 
ইলিক ঝিলিক রোদের আলো
কতই লাগে ভালো,
গানের সুরে ব‍্যাকুল মন
চাঁদের রাঙা আলো।
 
সোনার দেশ সোনার  বাংলা
আঁকছে ছবি রাঙা,
দেশের মায়া শীতল ছায়া
রোজই মন চাঙা।
 
যায় না ভোলা গায়ে তো মাখা
দেশের নরম মাটি,
সোনার দেশ সোনার বাংলা
লালন করে হাঁটি।
 
 
 
 
 
স্বাধীন স্বপ্ন আঁকে
সুফিয়ান আহমদ চৌধুরী
 
 
মুক্তির গানে খুশির বানে
উজালা কত দেশ,
সবুজ মাখা মনটা সুখে
আনন্দ আজ বেশ।
 
পাখির মেলা আকাশ নীলে
রঙিন কী যে আঁখি,
আমার দেশ সবুজ শোভা
মধুর ছবি আঁকি।
 
জীবন সাজে রাঙায় সুখে
স্বাধীন স্বপ্ন আঁকে,
আলোর হাসি চাঁদের হাসি
মনটা রাঙা থাকে।
 
পতাকা হাতে মুক্তির গান
কেমন দেয় দোলা,
জয়ের হাসি সবার মুখে
যায় না স্বপ্ন ভোলা।
 
মুক্তির ডাকে যুদ্ধের মাঠে
বীর বাঙালি আগে,
সোনার বাংলা গানের সুরে
স্বাধীন স্বপ্ন জাগে।
 
 
 
 
আঁকাআঁকি
সুফিয়ান  আহমদ  চৌধুরী
 
রঙ তুলি নিয়ে খোকা
করে আঁকাআঁকি,
হাসিখুশি মুখে তার
সুখে মাখামাখি।
 
পাখি আঁকে ফুল আঁকে
রঙ মেলা রাঙা,
ঝকঝকে আঁকে ছবি
মন কী যে চাঙা।
 
আঁকে খোকা বিয়েবাড়ি
ধুমধাম সুখ,
এইভাবে আঁকাআঁকি
আলো ভরা মুখ।
 
পাশে তার লেজ নাড়ে
পুষি ছানা মউ,
আঁকে খোকা মন খুলে
রাঙা বর বউ।
 
ফুরফুরে মন তার
ছবি আঁকে ধুম,
মিষ্টি মনে আঁকে খোকা
তাক ডুম ডুম।
 
ছবি আঁকে  সারাদিন
ছুটিদিনে বেশ,
আঁকাআঁকি করে খোকা
আঁকে বাংলাদেশ।
 
 
 
 
রেল
সুফিয়ান  আহমদ  চৌধুরী
 
ঝুম ঝুম যায় রেল
আঁকাবাঁকা যায়,
কেউ উঠে কেউ নামে
ইতিউতি চায়।
 
রেল যায় ঢাকা যায়
থেমে থেমে যায়,
চানাচুর ডিম কলা
খুশি মনে খায়।
 
লোকজন ঠাসাঠাসি
কী যে রেলে ভিড়,
লোকজন হাসি মুখে
ফিরে সুখে নীড়।
 
গাছপালা ঘর বাড়ি
পিছু ফেলে যায়,
সবুজের হাতছানি
সুখে গান গায়।
 
হুইসেল দিয়ে  রেল
যায় ছুটে ঢাকা,
স্বপ্ন ভরা মন আর
রাঙা ছবি আঁকা।

 

 

পূজার খুশি
সুফিয়ান আহমদ চৌধুরী 

বাজছে ঢোল পূজার খুশি
নতুন পাড়া জুড়ে,
নতুন জামা পড়েছে গায়
আনন্দে পাড়া ঘুরে। 
সন্দেশ নাড়ু মিঠে পায়েস
পূজায় সুখে খায়,
রঙিন  বাতি ইলিক ঝিলিক 
মনটা কী রাঙায়!
পূজায় কত পড়েছে সাড়া
বাজছে পূজা গান,
নাচের ধুম ধিনতা ধিন
আলোর রাঙা বান। 
অমনি করে যায় তো দিন
খুশির নেই শেষ,
পূজার সুখে জেগেছে পাড়া
লাগছে ভালো বেশ।
রঙ বেরঙ জ্বলছে বাতি
পূজায় খুশি রাঙা,
পূজার সুখে নতুন পাড়া
রয় তো কত চাঙা।