Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ধর্ম পালনের শুদ্ধতা বনাম প্রবাসী চর্চার বাহুল্য: রথযাত্রা উপলক্ষে কিছু ভাবনা

ধর্ম পালনের শুদ্ধতা বনাম প্রবাসী চর্চার বাহুল্য: রথযাত্রা উপলক্ষে কিছু ভাবনা

ধর্ম পালনের শুদ্ধতা বনাম প্রবাসী চর্চার বাহুল্য: রথযাত্রা উপলক্ষে কিছু ভাবনা

জয়দেব গাইন,নিউইয়র্ক ,যুক্তরাষ্ট্র:

প্রতিটি বস্তু বা সত্তার যেমন একটি নিজস্ব ধর্ম বা স্বভাব থাকে, তেমনি ধর্মচর্চারও আছে নির্দিষ্ট নিয়ম-নীতি, রীতি ও গভীর আধ্যাত্মিক তাৎপর্য। যেমন জল—যে পাত্রে রাখা হয় তারই আকৃতি গ্রহণ করে। কখনো সেই জল পবিত্র ও পানযোগ্য, আবার কখনো তা দূষিত হয়ে ওঠে। এই সাধারণ অথচ গভীর সত্যটি আমরা সবাই জানি, কিন্তু তা আমাদের ধর্মীয় জীবনে কতটা প্রতিফলিত হচ্ছে, বিশেষ করে প্রবাসী হিন্দু সমাজে, তা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন জাগে।

বিশ্বজুড়ে বহু ধর্ম আছে, প্রত্যেক ধর্মেই পালনীয় বিধি-বিধান, সময় ও স্থানভেদে আচারবিধি নির্ধারিত। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রবাসী বাঙালি হিন্দু সমাজে কিছু কিছু ধর্মীয় আচার যেন মূলত আচার না হয়ে ‘উৎসবের নামে আয়োজন’ হয়ে দাঁড়িয়েছে। এর একটি প্রকৃষ্ট উদাহরণ—রথযাত্রা।

প্রশ্ন ওঠে—রথযাত্রা আসলে কোন দিন হওয়া উচিৎ? মূলত জ্যোতিষশাস্ত্র ও হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়, যা এক নির্ধারিত বার্ষিক দিন। ভারতের পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা বিশ্বের ধর্মপ্রাণ মানুষের কাছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ উৎসব। কিন্তু প্রবাসে আমরা কি সেই শুদ্ধতার চর্চা করছি?

অনেক সময় দেখা যায়, এক সপ্তাহে দু’বার বা একাধিক স্থানে একাধিক দিন ধরে রথযাত্রা পালিত হচ্ছে—কখনো সময়ের অভাবে, কখনো লোকসমাগম বাড়ানোর উদ্দেশ্যে, আবার কখনো সাংগঠনিক প্রতিযোগিতার কারণে। এমনকি কোনো স্থানে রথযাত্রার মধ্যে পুজো-আচার শুদ্ধভাবে হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অথচ এই রথ তো কেবল একটি সাংস্কৃতিক ইভেন্ট নয়—এটি ভক্তি, নিষ্ঠা ও সময়ানুগ ধর্মানুষ্ঠানের প্রতীক।

অতএব, আমাদের ভাবা দরকার—ধর্ম পালন কি শুধুই সামাজিক উৎসবের নাম, না কি এটি এক গভীর আধ্যাত্মিক ও আত্মিক চর্চা? ধর্মকে যদি আমরা তার নিজস্ব আকারে না রাখতে পারি, যদি তাকে আমাদের সুবিধেমতো বাঁকিয়ে দিই—তবে কি তা সত্যিই ‘ধর্ম পালন’ হয়?

এই প্রসঙ্গে বিজ্ঞ ধর্ম চিন্তাবিদ ও পুরোহিতদের মতামত গ্রহণ করাও প্রয়োজন। একটি রথযাত্রা কতবার বা কীভাবে পালন করা উচিত, তা নিয়ে পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সঠিক ও সম্মানজনক ধারাবাহিকতা দেখতে পায়।

জয়দেব গাইন

নিউইয়র্ক ,যুক্তরাষ্ট্র ।