Logo

রাজনীতি    >>   বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিডনিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিডনিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিডনিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বার ধাঁণসিড়ি রেস্তোরাঁর হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা। বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও লেখক ড. কাইউম পারভেজের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র নেতা মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণতন্ত্রের মানসকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ প্রায় ৪০ মিনিটের বক্তব্যে তিনি প্রবাসী নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপটে এর দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।

তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশব্যাপী সন্ত্রাস দমন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণ নিশ্চিত হয়েছে। অথচ নানা ষড়যন্ত্রের মাধ্যমে ২০০১ সালে এবং সাম্প্রতিক সময়ে ২০২৪ সালে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে ক্ষমতা দখল করা হয়েছে।” ইউনুস সরকারের বিরুদ্ধে জনগণকে জিম্মি করে রাখার অভিযোগ এনে তিনি বলেন, “বাংলাদেশে আজ কেউ নিরাপদ নয় — নারী, শিশু, বৃদ্ধ কেউই নয়। দেশে অরাজকতা, ধর্ষণ, হত্যা বেড়েই চলেছে।”

তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান হুদার প্রতি অশালীন আচরণের নিন্দা জানান। আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষের অধিকার, নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি — বিজয় অবশ্যই আসবে।”

আলোচনায় আরও বক্তব্য রাখেন ড. কাইউম পারভেজ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ও জিএস ইফতেখার উদ্দিন ইফতু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আব্দুল জলিল, উপদেষ্টা মুনীর হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আইভী রহমান, এম. আর. আখতার মুকুলের কন্যা কবিতা পারভেজ, বগুড়া জেলা সমিতি অস্ট্রেলিয়ার সভাপতি এনায়েতুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কৃষকলীগের সভাপতি শাহ আলম, ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, আওয়ামী লীগ নেতা পল সি মধু, রেজাউল হাসান ভূট্রো, জিয়াউল হক জিয়ন, এনামুল হক এনাম, জামিল হোসেন রনি, ফাহমিদা খন্দকার, মাহদিয়া খাঁন, মাইনুল ইসলাম জনি, তাছনিম উদ্দিন ফাহিম, সিদ্দিক, সীমান্ত, সভ্য সাচী প্রমুখ।

আলোচনার শুরুতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলহত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্য শেষে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানান বক্তারা।

সংবাদ প্রেরক: সুমন চৌধুরী ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন