নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ব্যয় করা বোকামি ছিল: ইলন মাস্ক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ৪৪৬ মিলিয়ন ডলার ব্যয় করাকে বোকামি বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নির্বাচনে দলটির বড় ধরনের পরাজয়ের পর নিজের বিপুল অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে বুধবার (১৮ নভেম্বর) এমন মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে আয়োজিত নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে মাস্ক এসব কথা বলেন। এবারের নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা ব্যক্তি ছিলেন তিনি। বিশেষ করে টেক্সাসে দলটির প্রার্থীদের নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ঢেলেছিলেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
মাস্কের দেওয়া ৪৪৬ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকার সমান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রচারেও বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছিলেন। তবে এবারের নির্বাচনের পর নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে কথা বলেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, নিজেকে আর ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের অনুসারী মনে করেন না।
মাস্ক বলেন, ‘আমি মাগা নই।’ মাগা বলতে কী বোঝায়, তা নিয়েও তিনি নিশ্চিত নন বলে জানান। তার ভাষায়, এর অর্থ যদি রিপাবলিকান পার্টির কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্য হয়, তাহলে তিনি অবশ্যই তা করেন না। মাস্কের এই অবস্থান তার আগের রাজনৈতিক অবস্থানের তুলনায় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে তাকে মাগা লেখা টুপি পরতে দেখা গেছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে মজা করে নিজেকে ‘ডার্ক, গথিক মাগা’ বলেও পরিচয় দিয়েছিলেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে কয়েক মাস বিনা বেতনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মাস্ক। সে সময় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ (ডজ) পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। ২০২৬ সালের অক্টোবরে পেন্টাগন ভবিষ্যতের যুদ্ধ নিয়ে ‘প্রজেক্ট মেরিডিয়ান’ নামের একটি গবেষণার সহ-নেতা হিসেবে মাস্কের নাম ঘোষণা করে। পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সফর ও তাকে পরামর্শ দেওয়ার কাজও চালিয়ে যাচ্ছিলেন তিনি।
নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়ে মাস্ক বলেন, এই অর্থ খরচ করাটা বোকামি হয়েছে। তবে তার মতে, অর্থ ব্যয় না করলে দলটির প্রার্থীরা আরও খারাপ ফল করতে পারতেন। নির্বাচনের ফলাফল মাস্কের ব্যবসায়িক স্বার্থেও প্রভাব ফেলতে পারে। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণের বিষয়ে কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছেন।
জর্জিয়ায় স্পেসএক্সের ডেটা সেন্টার কার্যক্রম রয়েছে। রাজ্যটির নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এসব বৃহৎ স্থাপনা নির্মাণের সম্প্রসারণ সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ডেটা সেন্টার নির্মাণে দেওয়া বিভিন্ন কর ছাড় নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। এ ছাড়া ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ট্রাম্পের পুনর্নির্বাচনের পর স্পেসএক্সের পাওয়া আনুমানিক ১০ বিলিয়ন ডলারের নতুন সরকারি চুক্তি নিয়েও তদন্তের প্রস্তাব দিয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য বিজয়গুলোর একটি এসেছে টেক্সাসে। সেখানে সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, প্যাক্সটনের নির্বাচনী প্রচারে অন্তত ৪৫ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন মাস্ক। টেক্সাসে মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।
বুধবার মাস্ক টেক্সাসের নবনির্বাচিত গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোজোসা সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, হিনোজোসা বেশ মধ্যপন্থি হবেন বলে মনে করেন তিনি। তার সম্পর্কে যা শুনেছেন, তাতে নতুন গভর্নরের নেতৃত্বে টেক্সাসে সবকিছু ঠিকঠাক চলবে বলে আশা করছেন। মাস্ক আরও বলেন, হিনোজোসাকে খুব বামপন্থি গভর্নর বলে মনে করেন না তিনি। সূত্র: বিবিসি, জাগোনিউজ



















