যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেট সিনেটে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমীর জয়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী হাসিব ফাতমী। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট ১৮ আসনে রিপাবলিকান প্রার্থী ক্রিস স্টককে পরাজিত করে জয়ী হন তিনি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, হাসিব ফাতমী পেয়েছেন ৫৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ক্রিস স্টক পেয়েছেন ৪২ দশমিক ৭৯ শতাংশ ভোট। এ আসনে লিবার্টারিয়ান পার্টির প্রার্থী ব্র্যাড হেসেল পেয়েছেন ২ দশমিক ৪৪ শতাংশ ভোট।
হাসিবের এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদ জয়লাভ করেছেন। তাদের মধ্যে তিনজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান দলের প্রার্থী।
নর্থ ক্যারোলাইনার সিনেট ডিস্ট্রিক্ট ১৮ গ্র্যানভিল কাউন্টির পুরো অংশ এবং ওয়েক কাউন্টির উত্তরাঞ্চল নিয়ে গঠিত। এর আগে গত মে মাসে শূন্য আসনে নিয়োগ পেয়ে অঙ্গরাজ্যটির সিনেটে দায়িত্ব পালন শুরু করেন হাসিব। এবার সরাসরি নির্বাচনে জয়ী হয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।
৩৮ বছর বয়সী হাসিবের পারিবারিক শিকড় বাংলাদেশের নোয়াখালীতে। তার বাবা মোহাম্মদ বদরুল এহসান ফাতমী ও মা সাইদা ফাতমী স্নিগ্ধা ১৯৭৩ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৮৮ সালে নর্থ ক্যারোলাইনার ডারহামে জন্মগ্রহণ করেন হাসিব।
তার মা ওয়েক কাউন্টির সরকারি বিদ্যালয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হাসিবও ওই এলাকার সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। ২০০৯ সালে স্নাতক শেষ করে নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। ২০১২ সালে সেখান থেকে আইন ডিগ্রি অর্জন করেন।
নিজের জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সরকারি শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথা বিভিন্ন সময় তুলে ধরেছেন হাসিব।
আরও তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদের জয়
এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের আরও তিন অঙ্গরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদরা জয় পেয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা আবুল খান রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন। তার পরিবারের শিকড় বাংলাদেশের পিরোজপুরে।
অন্যদিকে, কিশোরগঞ্জের সন্তান ডেমোক্র্যাট প্রার্থী শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।
চাঁদপুরের সন্তান ডেমোক্র্যাট প্রার্থী মাসুদুর রহমানও কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় তাদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্ব যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ ও প্রভাব বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। সূত্র: জাগোনিউজ



















