Logo

রাজনীতি    >>   ৩১ অক্টোবর লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগরী উত্তর জামায়াত

৩১ অক্টোবর লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগরী উত্তর জামায়াত

৩১ অক্টোবর লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগরী উত্তর জামায়াত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের আহ্বানে আয়োজিত ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ১৫০টি গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় মহানগরী জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বারিধারাস্থ মহানগরী জামায়াত কার্যালয়ের মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাজফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নাসির উদ্দিনসহ অন্যরা।

সভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিরোধী সরকারে পরিণত হয়েছে। এর পরিণতি কখনো সুখকর নয়।

প্রস্তুতি সভায় ৩১ অক্টোবরের লংমার্চে ঢাকা মহানগরী উত্তর থেকে ১৫০টি গাড়ি অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের আহ্বানে আয়োজিত ঢাকা-খুলনা, যশোর ও কুষ্টিয়া লংমার্চ ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে। কর্মসূচি সফল করতে তারা নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে এর আগে একাধিক লংমার্চ কর্মসূচির ঘোষণা ও প্রস্তুতি নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। সূত্র: জাগোনিউজ