তিন দিনের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি সংস্কার ঐক্য পরিষদের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'। সোমবার (২৬মে) এক সংবাদ সম্মেলনে পরিষদ নেতারা এই দাবি জানিয়েছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ লিখিত বক্তব্যে বলেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের প্রতি কর্মীদের বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হয়েছে। সুতরাং আগামী ২৯ মের মধ্যে তাকে অপসারণ করতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য যে, গত ১২ই মে রাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার।
পরদিন থেকে অধ্যাদেশটি বাতিলের দাবিতে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন এনবিআর কর্মীরা। পরে সরকার অধ্যাদেশ সংস্কারের আশ্বাস দিলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রোববার রাতে কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহার করে নেন। এখন এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র: বিবিসি


















