নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হবে ২৩ মে এবং শিশু, কিশোর ও যুব উৎসব ২৬ মে: চারদিনব্যাপী আয়োজনে রূপ নিচ্ছে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণের উৎসব
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাভাষী প্রবাসীদের প্রাণের মিলনমেলা, ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে আগামী ২৩ মে ২০২৫, বৃহস্পতিবার। নিউ ইয়র্কের জ্যামাইকার প্রাণকেন্দ্র জ্যামাইকা সেন্টার ফর আর্ট অ্যান্ড লার্নিং-এ (১৫৩-১০ Jamaica Avenue) অনুষ্ঠিতব্য এই বইমেলা চলবে ২৬ মে সোমবার পর্যন্ত।
বইমেলার আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন একে কেবল বইয়ের উৎসব নয়, বরং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে চর্চা, লালন এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি মহোৎসব হিসেবে বিবেচনা করছে।
বিশেষ অতিথিবৃন্দ-
মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে জনমত গঠনে ভূমিকা রাখা মার্কিন মানবাধিকারকর্মী ফিলিস টেইলর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত সাহিত্যসমালোচক, দার্শনিক এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) বীরপ্রতীক।
মেলার উদ্বোধন করবেন জনপ্রিয় লেখক, কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।
লেখক ও প্রকাশকদের অংশগ্রহণ-
এবারের বইমেলায় বাংলাদেশ এবং প্রবাসের উল্লেখযোগ্য লেখক, গবেষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য লেখক ও আলোচকের তালিকায় রয়েছেন
•ড. আবদুন নূর •বিরূপাক্ষ পাল• মুস্তাফিজ শফি
•সরকার কবীর উদ্দিন •আবু সাঈদ খান
•নাজমুন নেসা পিয়ারি •জাফর আহমদ রাশেদ
* ড. শামীম রেজা• বদরুজ্জামান আলমগীর
* ফারুক আহমেদ •মঈনুদ্দীন মুনশি
* অভীক সারোয়ার রহমান• হুমায়ূন কবীর ঢালী•তানভীর তারেক •আশিক মুস্তাফাবইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে আছেন:
* মনিরুল হক (অনন্যা) ,আলমগীর সিকদার লোটন (আকাশ প্রকাশন) •রেদওয়ানুর রহমান জুয়েল (নালন্দা) • জসিম উদ্দিন (কথাপ্রকাশ) •সজল আহমেদ (কবি প্রকাশনী) • দীপংকর তালুকদার (বাতিঘর)
* মাহবুবুল হাসান ফয়সল (ঋদ্ধি প্রকাশন)তাঁদের স্টলগুলোতে থাকবে মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, ইতিহাস, কবিতা, অনুবাদ, কথাসাহিত্যসহ সমকালীন ও কালজয়ী লেখকদের মূল্যবান বইসমূহ।
প্রতিদিন থাকবে প্রাণবন্ত আয়োজন
চারদিনব্যাপী মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হবে:
• লেখক-পাঠক মুখোমুখি• নতুন বই উন্মোচন ও আলোচনা • স্বরচিত কবিতা পাঠ • কবিতা আবৃত্তি
বিতর্ক ও সেমিনার • শিশু-কিশোর-কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা ।
সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ আয়োজন
মেলাকে আরো প্রাণবন্ত করে তুলবে নন্দিত শিল্পীদের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন:• রেজওয়ানা চৌধুরী বন্যা• ফাহমিদা নবী•স্বপ্নীল সজীব• শাহ মাহবুব• শবনম আবেদী•কৃষ্ণা তিথি এছাড়াও, মহীতোষ তালুকদার তাপসের নেতৃত্বে নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনা থাকবে প্রতিদিন সন্ধ্যায়।
শিশু, কিশোর ও যুব উৎসব ২৬ মে:-
২৬ মে, সোমবার বিকেল ৫টা থেকে জামাল উদ্দীন হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু, কিশোর ও যুব উৎসব। এতে এই প্রজন্মের সন্তানদের উপস্হাপনার মাধ্যমে তাদেরই কণ্ঠে উচ্চারিত হবে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসীমউদ্দীন ও শামসুর রহমানের কবিতা। থাকবে সংগীত, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের পরিবেশনা।
উৎসবের সার্বিক ব্যবস্থাপক নিরুপমা সাহা জানান, “এই আয়োজনের মাধ্যমে প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির গভীর শেকড়ে যুক্ত করার প্রয়াস থাকবে।”
সংস্কৃতির মেলবন্ধন গড়ার ডাক
মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং বইমেলার আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার বলেন, “এই মেলা শুধু বইয়ের নয়—এটি মাতৃভাষা, চেতনা, ইতিহাস এবং প্রজন্মের মধ্যে ঐক্য গড়ার প্রয়াস।”
মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা জানান, “বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও পাঠকদের সংযোগের মাধ্যমে এই মেলা হয়ে উঠবে মানুষে-মানুষে সম্প্রীতির মেলবন্ধন, যা এক মহত সাংস্কৃতিক উৎসবে রূপ নেবে।”
পাঠক, নিউ ইয়র্ক শহরে বসবাসরত সকল সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিসচেতন মানুষকে এই প্রাণের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন।


















