Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউ ইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩ মে শুরু

নিউ ইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩ মে শুরু

নিউ ইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩ মে শুরু

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
চার দিনব্যাপী ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে আগামী ২৩ মে ২০২৫, বৃহস্পতিবার। ‘মুক্তধারা ফাউন্ডেশন’-এর আয়োজনে এ বছরের বইমেলা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের জ্যামাইকা সেন্টার ফর আর্ট অ্যান্ড লার্নিং-এ (১৫৩-১০ জ্যামাইকা অ্যাভিনিউ)।
বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের মার্কিন বন্ধু ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খ্যাতিমান সাহিত্য সমালোচক, দার্শনিক ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) বীরপ্রতীক। মেলার উদ্বোধন করবেন জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।


এবারের মেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশ ও প্রবাসের উল্লেখযোগ্য লেখক, গবেষক ও সাংবাদিকরা। আমন্ত্রিত লেখকদের মধ্যে রয়েছেন: ড. আবদুন নূর, বিরূপাক্ষ পাল, মুস্তাফিজ শফি, সরকার কবীর উদ্দিন, আবু সাঈদ খান, নাজমুন নেসা পিয়ারি, জাফর আহমদ রাশেদ, ড. শামীম রেজা, বদরুজ্জামান আলমগীর, ফারুক আহমেদ, মঈনুদ্দীন মুনশি, অভীক সারোয়ার রহমান, হুমায়ূন কবীর ঢালী, তানভীর তারেক ও আশিক মুস্তাফা।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে রয়েছেন: মনিরুল হক (অনন্যা), আলমগীর সিকদার লোটন (আকাশ প্রকাশন), রেদওয়ানুর রহমান জুয়েল (নালন্দা), জসিম উদ্দিন (কথাপ্রকাশ), সজল আহমেদ (কবি প্রকাশনী), দীপংকর তালুকদার (বাতিঘর) ও মাহবুবুল হাসান ফয়সল (ঋদ্ধি প্রকাশন)। এদের স্টলে থাকবে মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, কবিতা, অনুবাদ, কথাসাহিত্যসহ নানা বিষয়ে খ্যাতিমান লেখকদের বই।
প্রতিদিনের আয়োজনে থাকবে লেখক-পাঠক মুখোমুখি, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, বিতর্ক ও সেমিনার।


বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, স্বপ্নীল সজীব, শাহ মাহবুব, শবনম আবেদী ও কৃষ্ণা তিথি। এছাড়া মহীতোষ তালুকদার তাপসের নেতৃত্বে থাকছে নিউ ইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা।
মেলার আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার এবং মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাভাষাভাষী প্রবাসীদের বইমেলায় অংশ নিয়ে মাতৃভাষা ও সংস্কৃতির সঙ্গে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।