Logo

রাজনীতি    >>   পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি

পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি

পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে  ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় আট থেকে দশজন বাংলাদেশি নাগরিক নিজ জমিতে কাজ করছিলেন।

কাজ করার এক পর্যায়ে শূন্য লাইন অতিক্রম করে তারা ভারতের অভ্যন্তরে ধান মাড়াইয়ের কাজ করে। এসময় তাদের ধাওয়া করে দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ সদস্যরা। তারা দু’জন হলেন, দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে এনামুল হক (৫৫) ও তার ছেলে মাসুদ রানা (২৬)। বাকিরা বাংলাদেশের ভেতরে চলে আসে।

পরে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় দুইজন ভারতীয় নাগরিককে ধরে বিজিবি টহল দলের কাছে হস্তান্তর করে।

পরে শুক্রবার ছয়টা ৪০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।

আর এর জেরে স্থানীয়রা আটকে রেখেছিল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেন টুডুর ছেলে অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেনের ছেলে ফিলিপ সরেনকে (৩৩)।

গত দুই সপ্তাহে এধরনের অন্তত আরও দুটো ঘটনা গণমাধ্যমে খবর হয়েছে। এর আগে এপ্রিলের শেষের দিকে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বাংলাদেশের দুই কৃষককে সেখানকার নাগারিকেরা আটক করে ব্যাপক মারধর করেন।

তারা দুজনই হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তুলশীপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আহত অবস্থায় উদ্ধার করে। পরে পতাকা বৈঠক করে ২০ এপ্রিল সন্ধ্যায় তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরার পর তাদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে থানায় মামলা করেছে বিজিবি।

এর আগে গত ১৮ই এপ্রিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আজিনুর রহমান (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ধরে যায় বিএসএফ।

সেদিন বেলা দুইটা থেকে তিনটার মধ্যে বাউরা ইউনিয়নের জমগ্রাম (ডাঙ্গাটারী) সীমান্তের মেইন পিলার ৮০১-এর সাবপিলার ১০-১১–এর পাশে এ ঘটনা ঘটে।সূত্র: বিবিসি