কবিতা: আমার জন্ম আর ভালোবাসা—নাজমিন শুচি
আমার জন্ম আর ভালোবাসা
নাজমিন শুচি
জন্মেছিলাম দিনের বুকে, সূর্য ওঠার ক্ষণে,
তবু কেন রাতের মায়া জড়িয়ে থাকে মনে!
আলো ঝলমল পৃথিবীটা ডাকছে যখন কাছে,
আমার মনটা চুপটি করে নিশির পাশে বাঁচে।
জন্মেছিলাম ছায়াঘেরা সবুজ গ্রামের কোলে,
মাটির গন্ধ, পাখির গান আজও হৃদয় দোলে।
তবু কেন ভালো লাগে রৌদ্রদগ্ধ এই শহর,
বৃক্ষহীন ঢাকা যেন আমার আপন ঘর!
জন্মের ক্ষণে কেঁদেছিলাম জীবন বুঝি ভারী,
কত স্বপ্ন, কত আশা, কত রঙের বাড়ি!
আজকে আমার সবকিছুতেই হাসি পায় যে বড়, হৃদয়জুড়ে কান্না থাকুক, মুখে হাসির ঝড়!
কী অদ্ভুত এই আমি, কী অদ্ভুত মন,
বিপরীতের মাঝেই খুঁজি ভালোবাসার ক্ষণ।
যেখানে সুখের কথা, সেখানে বিষাদ নামে,
সবাই আপন খোঁজে, আমি হারাই ভিড়ে থামে।
আমি যেন এক উল্টো স্রোতে ভেসে চলা নদী,
বুকের ভেতর জমিয়ে রাখি না-বলা সব কাহিনি।
দিনের আলোয় রাতের স্বপ্ন, হাসির আড়াল ক্ষত, আমার ভেতর আমিই যেন এক অচেনা জগৎ।
হয়তো আমি এমনই-কেউ বুঝবে না আমায়,
কিছু মানুষ বাঁচে নীরবতায়, কিছু হাসে বেদনায়।
জন্ম আমার দিনের বুকে, ভালোবাসা নিশি,
কান্না দিয়ে শুরু জীবন হাসিই শেষের ভাষা, এই!
কেউ যদি শুধায়, ‘কেমন আছো?’ বলব হেসে, ‘ভালো’, কে আর দেখে হাসির নিচে জমে থাকা কালো!
আমি আমার বিপরীতেই খুঁজে ফিরি ঠিকানা,
আমি এক অসমাপ্ত কবিতা আমিই যার মানে জানা।



















