বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচার দাবি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বিচার দাবি করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলের সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।
বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, বাংলাদেশের ক্রিকেটপ্রেমী কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে জড়িত আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ না করার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন।
তিনি বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসর থেকে বাংলাদেশ দলকে বঞ্চিত করার সিদ্ধান্তকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এটি শুধু একটি ক্রীড়া সিদ্ধান্ত নয়; এর সঙ্গে দেশের মর্যাদা, খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আবেগ জড়িত।
বিজিপি সভাপতি আরও বলেন, প্রকাশিত তদন্ত প্রতিবেদনে যদি সত্যিই প্রমাণিত হয়ে থাকে যে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সিদ্ধান্তই বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে, তাহলে বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত করে দায় নির্ধারণ করতে হবে। দায় প্রমাণিত হলে আসিফ নজরুলের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত বিচার কার্যকর করার দাবি জানান তিনি।
বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের ম্যাচ ভারতে অনুষ্ঠিত হওয়ার সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছিল। আইসিসির নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশ দল বা ম্যাচ ভেন্যুর জন্য কোনো নির্দিষ্ট বা সরাসরি হুমকি শনাক্ত করা হয়নি বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জাতীয় দল যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নষ্ট হওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট ও দেশের যে ক্ষতি হয়েছে, তার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে থেকে কোনো সিদ্ধান্তের কারণে দেশের জনগণ, খেলোয়াড় এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি সরকারের প্রতি আইন ও সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বার্তা প্রেরক: লেখক অমূল্য কুমার বৈদ্য সাধারণ সম্পাদক বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)



















