Logo

খেলাধুলা    >>   বাংলাদেশের ভক্তদের নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য মার্টিনেজের, বললেন— 'মনে হয় তারা সবাই আর্জেন্টাইন'

বাংলাদেশের ভক্তদের নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য মার্টিনেজের, বললেন— 'মনে হয় তারা সবাই আর্জেন্টাইন'

বাংলাদেশের ভক্তদের নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য মার্টিনেজের, বললেন— 'মনে হয় তারা সবাই আর্জেন্টাইন'

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকলেও ফুটবলের সবচেয়ে বড় আসর এলেই দেশজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। বিশেষ করে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা বহু বছর ধরেই আন্তর্জাতিকভাবে আলোচিত। সেই ভালোবাসার স্বীকৃতি এবার আবারও দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।

জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর মিক্সড জোনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন মার্টিনেজ। সাক্ষাৎকার শেষে চলে যাওয়ার সময় বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া এক সাংবাদিক নিজের পরিচয় দিলে তিনি আবার ফিরে আসেন। এরপর বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত কণ্ঠে নিজের অনুভূতির কথা জানান এই গোলরক্ষক।

মার্টিনেজ বলেন, "বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে গিয়ে আমি সেটা নিজের চোখেই দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।"

তার এই মন্তব্যের পেছনে রয়েছে বাংলাদেশের সঙ্গে গড়ে ওঠা বিশেষ এক সম্পর্ক। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের প্রায় এক বছর পর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন মার্টিনেজ। সেই সফরে লাখো ভক্তের ভালোবাসা, উচ্ছ্বাস ও সংবর্ধনা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের আবেগ খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতাই এবার তার কথায় নতুন করে উঠে এসেছে।

এর আগে ২০২২ বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের প্রশংসা করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো দলের অন্যতম তারকা গোলরক্ষক মার্টিনেজের নাম।

বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা দীর্ঘদিনের। অনেকের মতে, দেশের বাইরে আর্জেন্টিনার সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীগুলোর একটি রয়েছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ছবি ও ভিডিও সেই ভালোবাসাকে বিশ্বব্যাপী পরিচিত করেছে। ফলে বাংলাদেশি সমর্থকদের আবেগ এখন আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছেও এক সুপরিচিত বাস্তবতা। সূত্র: জাগোনিউজ