Logo

খেলাধুলা    >>   গোলশূন্য থ্রিলারে গ্রুপসেরা কলম্বিয়া, রোনালদোদের সামনে এখন মদরিচের ক্রোয়েশিয়া

গোলশূন্য থ্রিলারে গ্রুপসেরা কলম্বিয়া, রোনালদোদের সামনে এখন মদরিচের ক্রোয়েশিয়া

গোলশূন্য থ্রিলারে গ্রুপসেরা কলম্বিয়া, রোনালদোদের সামনে এখন মদরিচের ক্রোয়েশিয়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

গোলের দেখা না মিললেও রোমাঞ্চের কোনো কমতি ছিল না কলম্বিয়া ও পর্তুগালের মধ্যকার ম্যাচে। একের পর এক আক্রমণ, অসংখ্য সুযোগ সৃষ্টি এবং শেষ মুহূর্তের নাটকীয়তা মিলিয়ে জমে ওঠা লড়াইটি শেষ পর্যন্ত ০-০ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের এই ম্যাচে আক্রমণে পুরো সময়ই এগিয়ে ছিল কলম্বিয়া। তারা মোট ২৬টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পর্তুগাল ১৩টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি, আর সেগুলোও ছিল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে একবারও কলম্বিয়ার গোলমুখে কার্যকর শট নিতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে অতিরিক্ত সময়ে। শর্ট কর্নার থেকে আসা ক্রসে বল জালে পাঠান কলম্বিয়ার ডেভিনসন সানচেজ। কিন্তু সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি। রিপ্লেতে সানচেজকে অনসাইড বলেই মনে হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও অফসাইডের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে সম্ভাব্য জয়সূচক গোলটি বাতিল হওয়ায় হতাশ হতে হয় কলম্বিয়াকে।

শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। তবে এই ড্রয়ের ফলে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে উঠেছে কলম্বিয়া, আর রানার্সআপ হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়া। সূত্র: জাগোনিউজ