চট্টগ্রামবাসীর মিলনমেলা: চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বাৎসরিক পিকনিক ৬ জুলাই
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আসছে ৬ই জুলাই, রবিবার—চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইঙ্কের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাৎসরিক পিকনিক। চট্টগ্রামবাসীর এই আনন্দঘন উৎসবকে প্রাণবন্ত, বৈচিত্র্যময় ও সফল করে তুলতে গঠন করা হয়েছে একটি শক্তিশালী পিকনিক উপকমিটি। ইতোমধ্যে উপকমিটি তাদের প্রস্তুতি ও কার্যক্রম শুরু করেছে।
এই আয়োজনকে ঘিরে গত ১২ই মে রবিবার নিউইয়র্কের ব্রুকলিনস্থ ‘চট্টগ্রাম ভবন’-এ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।
সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুর রহিম, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দুইবারের নির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, মোহাম্মদ সেলিম, সাবেক সহ-সভাপতি আবুল কাসেম চট্টগলা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশ্রাব আলী খান লিটন, কার্যকরী কমিটির সাবেক কর্মকর্তা কামাল হোসেন মিঠু, মিরসরাই সমিতির সভাপতি মেজবাহ আহমেদ এবং উপদেষ্টা কাউসার চৌধুরী, দিদারুল আলম, এডভোকেট আব্দুল হামিদ, নওশাদ কামাল, শফিকুল আলম, কলিমুল্লাহ মাস্টার, নুরুল আমিন, তানিম মহসিন, পল্লব রায়, মহিমুদ্দিন, সৈয়দ এম. মানু, মোহাম্মদ তারেক, ফখরুদ্দিন ও মামুনুর রাশিদসহ অনেকে।
আলোচনা সভায় পিকনিক উপকমিটির আহ্বায়ক ইমরুল কায়সার এবং সদস্য সচিব মোহাম্মদ ঈছা আসন্ন পিকনিকের পরিকল্পনা ও প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তাঁরা এই বৃহত্তম চট্টগ্রামবাসীর মিলনমেলাকে সফল করতে সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতি বছর আয়োজিত এই পিকনিক উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং সামাজিক, সাংস্কৃতিক চেতনায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে।















