কবিতা: স্মৃতির বীণা—সুবর্ণা দাস
কবিতা: স্মৃতির বীণা
সুবর্ণা দাস
আলপথ ধরে প্রিয় ছোটবেলা
বহু দূরে গেছে সরে,
তবু স্মৃতি পট সেই ছবি আঁকে
বিমূর্ত মনোঘরে।
মনে হয় যেন এই সেই দিন
কত হাসি খেলা হৈ-হুল্লোর,
কানে বাজে সব সেই শৈশব
মধু নিকেতনে রাগ মল্লার।
কত জন সাথী, মাঠে ধুলো উড়া
টিফিনের ফাঁকে খেলা আর খেলা,
সেই হাক ডাক দৌড় ঝাপ ছুট
অবাক সবাক সেই মধু বেলা।
নেই আর কাছে সেই প্রিয় মুখ
যার যার মতো ব্যস্ত সবাই,
নেই তাড়াহুড়ো পড়াশোনা শেষে
চল চল চল, চল মাঠে যাই।
ফিরবে না আর অতীত সময়
ডাকবে না আর প্রিয় সহেলী,
ধুলো মাখা পথে পড়ে আছে বীণা
নেই সেই সুর গানের কলি।













