যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হুমকিতে কোন পরিস্থিতিতে ভারত?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হুমকি ভারতের জন্য উল্টো আশীর্বাদ হয়ে উঠতে পারে। কারণ, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারতের পণ্যে তুলনামূলক কম শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় রপ্তানি পণ্যে শুল্কের হার দাঁড়াতে পারে ১৭ শতাংশে।
গত বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) নতুন এই শুল্কহারের প্রস্তাব ঘোষণা করে। তবে বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে ভারতের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য চুক্তি সাপেক্ষে বাংলাদেশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্যদিকে, চীন ও ভিয়েতনামের পণ্যের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের হার ২০ শতাংশ। ফলে ভারতের জন্য ১৭ শতাংশ শুল্ক কার্যকর হলে এসব প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় রপ্তানি বাজারে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তবে প্রস্তাবিত শুল্কহার এখনো চূড়ান্ত হয়নি। ইউএসটিআরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এ বিষয়ে লিখিত মতামত ও সাক্ষ্য জমা দেওয়ার শেষ সময় ৫ জানুয়ারি ২০২৭। আর গণশুনানি শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার সুযোগ থাকছে।
ওয়াশিংটনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিজিএ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের অংশীদার আত্মান ত্রিবেদী সিএনবিসিকে বলেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারত ভালো দর-কষাকষির সুযোগ পেয়েছে। জি-২০ সম্মেলনের আগেই ভারত এই বাণিজ্য চুক্তিতে সই করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
এর আগে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিলেন। তখন ভারতের ওপর শুল্কের হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার বিনিময়ে দেশটিকে আরও বেশি যুক্তরাষ্ট্রের পণ্য কেনার শর্ত দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক বাতিল করার পর ভারত আরও সুবিধাজনক শুল্কহারের দাবি জানায়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো রোনাক ডি দেশাই বলেন, ১৭ শতাংশ শুল্কের প্রস্তাব বাণিজ্য চুক্তির অর্থনৈতিক যৌক্তিকতা বাড়াবে। তবে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ভারতের সরকারের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। মোদি সরকার কখনোই এমন ধারণা দিতে চাইবে না যে তারা যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্তে ভারতের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার যে অভিযোগ আনা হয়েছে, বুধবার তা প্রত্যাখ্যান করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকেই দীর্ঘদিনের প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে অগ্রগতি আসতে পারে। সূত্র: সিএনবিসি, জাগোনিউজ














