Logo

অর্থনীতি    >>   ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার পর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাতে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। রয়টার্সের (Reuters) প্রতিবেদন অনুযায়ী, রুশ সংবাদমাধ্যম ভেদোমোস্তির বরাতে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটিতে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল রপ্তানিতে স্বেচ্ছায় নিষেধাজ্ঞা দিয়েছিল মস্কো। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর ৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

 

বুধবার নোভাক জানান, প্রথম চালানে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হবে। জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করার কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে কোন বন্দর থেকে ট্যাংকারটি যাত্রা করবে, তা তিনি জানাননি।

রুশ সংবাদ সংস্থা আরআইএ নোভাকের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়েও ডিজেল পাঠানো হবে। তিনি বলেন, দুই দেশের নেতাদের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে এবং রাশিয়ার সক্ষমতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করা হবে।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে ৩ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে ১০ লাখ টন পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ঘোষিত পরিমাণ অনুযায়ী, ধাপে ধাপে মোট ১৮ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে নোভাকের সর্বশেষ বক্তব্যে প্রথম চালানের পরিমাণ ৪০ হাজার টন বলে জানানো হয়েছে।

 

এদিকে, বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বৈঠকে ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি। পুতিনও সমঝোতার প্রসঙ্গ তুলে বলেন, চুক্তির পর ডিজেলের দাম কমেছে।

 

তবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের এই জ্বালানি সমঝোতা ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে টানাপোড়েন বাড়িয়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, রুশ ডিজেল সরবরাহের পরিমাণ যুক্তরাষ্ট্রের মোট চাহিদার তুলনায় সীমিত হওয়ায় জ্বালানির উচ্চমূল্য কমাতে এর প্রভাব কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সূত্র: রয়টার্স, জাগোনিউজ