Logo

অর্থনীতি    >>   মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ইলন মাস্কের ৩৬৬ মিলিয়ন ডলার ব্যয়

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ইলন মাস্কের ৩৬৬ মিলিয়ন ডলার ব্যয়

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ইলন মাস্কের ৩৬৬ মিলিয়ন ডলার ব্যয়

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সহায়তায় গত বছর থেকে এ পর্যন্ত ৩৬৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন ধনকুবের ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কমে যাওয়া জনপ্রিয়তা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে দলটির নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ ঢালছেন তিনি।

গত সোমবার (১২ অক্টোবর) দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত জুলাই থেকে এ পর্যন্ত মাস্ক ২৭৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। এর মধ্যে ১৫৮ মিলিয়ন ডলার দিয়েছেন রিপাবলিকানদের সিনেট প্রার্থীদের সমর্থনে কাজ করা একটি সুপার পিএসিকে। এ বছর এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি অর্থ ব্যয়কারী একক রাজনৈতিক দাতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক গত বছর হোয়াইট হাউসের বিশেষ সরকারি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন আমেরিকা পিএসি এই ব্যয়ের হিসাব নিশ্চিত করেছে।

সংগঠনটির মুখপাত্র অ্যান্ড্রু রোমিও দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়া ঠেকাতে এই অর্থ ব্যয় করা হচ্ছে। তাঁর ভাষ্য, বড় অঙ্কের এই বিনিয়োগ রিপাবলিকানদের নির্বাচনী প্রচার জোরদার করছে এবং ভোটারদের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়ার সুযোগ বাড়াচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটে—সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই নিয়ন্ত্রণ ধরে রাখাই দলটির অন্যতম লক্ষ্য। অন্যদিকে, ভোটারদের অসন্তোষকে কাজে লাগিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।

নির্বাচনে বড় অঙ্কের অর্থ ব্যয়ের ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধনী দাতাদের প্রভাব নিয়ে বিতর্কও নতুন করে সামনে এনেছে। সমালোচকদের আশঙ্কা, বিপুল অর্থের জোরে ধনী ব্যক্তি ও প্রভাবশালী গোষ্ঠীগুলো রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচনী প্রচারে সাধারণ ভোটারদের তুলনায় বেশি প্রভাব বিস্তার করতে পারে।

গত জুনে স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় অঙ্কের অর্থ ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে সাম্প্রতিক ব্যয় তাঁর রাজনৈতিক তহবিলায়নে নতুন করে সক্রিয় হওয়ার চিত্র তুলে ধরেছে।

রিপাবলিকানদের পক্ষে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে ট্রাম্পপন্থি রাজনৈতিক সংগঠন ম্যাগা ইনকরপোরেটেডও। গত আগস্টে সংগঠনটির তহবিলে ৪১৬ মিলিয়ন ডলার ছিল। টেক্সাসে সিনেটের একটি আসনের প্রতিদ্বন্দ্বিতায় গত এক মাসে সংগঠনটি ২২ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

এদিকে, রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটদের দাবি, বিপুল অর্থের নির্বাচনী প্রচারও জীবনযাত্রার ব্যয় এবং প্রেসিডেন্টের জনপ্রিয়তা নিয়ে ভোটারদের অসন্তোষের প্রভাব পুরোপুরি ঠেকাতে পারবে না। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ