ধর্মের জন্য (মূল অসমিয়া)—যুগান্ত দাস; ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী
ধর্মের জন্য
মূল অসমিয়া
যুগান্ত দাস
ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী
অনেক দীর্ঘ সময় পার হয়ে গেল
দুজন দুজনকে না দেখা
এসো ধর্মের নামে একদিন দেখা করি
তুমি কুরআন নিয়ে আসবে
আর আমি নিয়ে যাব শ্রীমদ্ভাগবত
নিজের নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে
দুজন মেলে ধরব যুক্তির পর যুক্তি
সাধারণ কথাবার্তা মোড় নেবে
অন্য এক দিকে
আমি চিৎকার করে বলব ঈশ্বর শ্রেষ্ঠ
তুমি চিৎকার করেও বলবে আল্লাহ
আল্লাহর দরবারে করুণা বরষে
আমি প্রতিবাদ করব- না, না
ঈশ্বর মানেই করুণার সাগর
ঈশ্বর সর্বশক্তিমান, সর্বব্যাপী
দুজনেরই মস্তিষ্ক উত্তপ্ত হবে
শিরায় শিরায় প্রবাহিত রক্তের গতি ক্ষীপ্র হবে
আল্লাহ-ঈশ্বর, ঈশ্বর-আল্লাহের নামে
দুজন ভুলে যাব দুজনকে
ধর্মের নামে দুজন হয়ে যাব দুজনের প্রতিপক্ষ
কথার থেকে সরে এসে
আমরা হাতাহাতিতে নেমে পড়ব
তবুও যদি মীমাংসা না হয়
কে শ্রেষ্ঠ তার তর্ক
ভুলে যাব দুজন দুজনকে
ভুলে যাব তোমার মায়ের হাতের সেহরির স্বাদ
তুমি ভুলে যাবে আমার মায়ের পিঠার স্বাদ
আবার দুজনে নেমে পড়ব
রক্তারক্তিতে
কম করে হলেও একদিন তো এসো
আমরা দুজনে একসাথে হই
নিজের জন্য না হলেও
ধর্মের জন্য এসো।



















