নিউইয়র্কে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ২০২৬ উদযাপন আজ , দিনব্যাপী পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক সংগীতের আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। হরিচাঁদ গুপ্তচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনকের উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে ভক্ত, শুভানুধ্যায়ী ও প্রবাসী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, নিউইয়র্কের ৯৭-১১, ১২৭ স্ট্রিট, সাউথ রিচমন্ড হিল এলাকায় অবস্থিত শ্রীশ্রী হরি মন্দিরে দিনব্যাপী পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা ১৫ মিনিট থেকে সংকল্প ও ঘটস্থাপন দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ৯টা ৩০ মিনিটে মহা সুপ্রভাতী বিহিত পূজা, সকাল ১০টায় আভ্যন্তরীণ বিহিত পূজা, নবমী বিহিত পূজা এবং সকাল ১১টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে।
দুপুর ১টায় মায়ের ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৩টা ৩০ মিনিটে সন্ধ্যারতি ও মায়ের বন্দনা এবং রাত ৮টা ৪৫ মিনিটে দশমী তিথির পূজা, বিসর্জন ও দশমীর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পূজা উপলক্ষে ভক্তিমূলক সংগীত ও মায়ের গান নিবেদনের বিশেষ আয়োজন থাকছে। এতে অংশ নেবেন ইতি রানী মণ্ডল, শিবানী রায়, সবিতা দাস, রুনা রায়, রঞ্জিত দাস, মনিকা দাস, সুশীল শিনহা, ডা: নীহার সরকার, শিলা চন্দ্র, সুস্মিতা হালদার, তুলসী রানী নীল এবং অনিল কৃষ্ণা বালা। শিল্পীদের ভক্তিমূলক সংগীত পরিবেশনায় পূজার পরিবেশ আরও আনন্দময় ও আধ্যাত্মিক হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রবাসে বাংলা সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূজার পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী রঞ্জিত দাসগুপ্ত।
আয়োজকরা নিউইয়র্কের সকল ধর্মপ্রাণ ভক্ত, মতুয়া সম্প্রদায়ের অনুসারী এবং প্রবাসী বাঙালিদের পূজায় উপস্থিত হয়ে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ গ্রহণ ও ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন।



















