Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে সাবেক সোভিয়েত গ্র্যাজুয়েটদের বর্ণাঢ্য মিলনমেলা: বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

নিউইয়র্কে সাবেক সোভিয়েত গ্র্যাজুয়েটদের বর্ণাঢ্য মিলনমেলা: বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

নিউইয়র্কে সাবেক সোভিয়েত গ্র্যাজুয়েটদের বর্ণাঢ্য মিলনমেলা: বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

উত্তম কুমার সাহা, প্রজ্ঞা নিউজ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবেক সোভিয়েত গ্র্যাজুয়েটদের সংগঠন সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি অরিজিন (SAAB USA)-এর উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা, গুণীজন সম্মাননা ও নৈশভোজ ২০২৬। গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে (Shanai Restaurant & Party Hall) প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. কল্লোল দাশ। এরপর সংগঠনের সভাপতি ড. তাজুল ইসলাম, শাহীন খান, মিজানুল হাসান ও এ. কে. খান বিল্টু আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম প্রধান ও আবেগঘন আকর্ষণ ছিল সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, ইঞ্জি. জাহাঙ্গীর আলম, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. খোরশেদ আলম মিয়া, ইঞ্জি. ওয়ালী উল্লাহ শিকদার এবং ইঞ্জি. গিয়াস উদ্দিন খন্দকারের হাতে।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংগঠনের নেতৃত্ব দেওয়া সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সাবেক সভাপতিরা হলেন—প্রয়াত ড. মনসুর খান (২০০৯-২০১২), ড. মোহাম্মদ তাজুল ইসলাম (২০১৩-২০১৪), ইঞ্জি. কে. এম. নাজিম চৌধুরী (২০১৫-২০১৮) এবং ড. শংকর শীল (২০১৯-২০২৪)। সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে সম্মাননা পান ইঞ্জি. মোদাসসের কে. হোসাইন বোলন (২০০৯-২০১২) এবং ইঞ্জি. এ. বি. এম. মিজানুল হাসান (২০১৩-২০২৪)। পাশাপাশি সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইঞ্জি. লুৎফর রহমান সরকার ও ইঞ্জি. বাদল শফিউল্লাহকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের বর্তমান পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে রয়েছেন—সভাপতি ড. তাজুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জি. পীরজাদা সাত্তার, ড. এম. ই. শেলী ও ইঞ্জি. এ. বি. এম. মিজানুল হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জি. শাহীন আহসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. শফিউল্লাহ বাদল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. কল্লোল দাশ, কোষাধ্যক্ষ ইঞ্জি. এম. ডি. ওবাইদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জি. মহসীন আলী এবং সমাজকল্যাণ সম্পাদক এ. কে. খান বিল্টু। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ড. শংকর শীল, ইঞ্জি. মো. গিয়াসউদ্দীন, লিটন চন্দ্র সাহা, মো. বশির উদ্দীন আহমেদ বাচ্চু এবং মো. মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত প্রায় সব সদস্যই মঞ্চে এসে সোভিয়েত ইউনিয়নে কাটানো জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেন। তাঁরা সেখানে শিক্ষাজীবনের অভিজ্ঞতা, প্রবাসজীবনের সূচনা এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে আসার নানা গল্প তুলে ধরেন। বক্তারা গর্বের সঙ্গে উল্লেখ করেন, সংগঠনটিতে পিএইচডি ডিগ্রিধারী গবেষক, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মেধাবী ও সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন। তাঁদের মতে, এ ধরনের উচ্চশিক্ষিত ও পেশাজীবী মানুষের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটি প্রবাসে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপনা করেন একসময়ের রংপুর বেতারের নিয়মিত সংবাদ পাঠিকা এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় বিতার্কিক কামনা হাসান। উপস্থাপনার পাশাপাশি তাঁর মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

আলোচনা ও সম্মাননা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের নন্দিত সংগীতশিল্পী রাজীব ভট্টাচার্য, নিগার নাঈম তমা এবং তানজিম আহমেদ সজীব। বিশেষ করে শিল্পী রাজীব ভট্টাচার্যের সুরেলা পরিবেশনা উপস্থিত সদস্যদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলে। অনেকেই নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, বিশেষ করে সাধারণ সম্পাদক ইঞ্জি. শাহীন আহসান খান ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. কল্লোল দাশের আন্তরিক উদ্যোগ, অতিথিপরায়ণতা এবং অক্লান্ত পরিশ্রমে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।

সংগঠনের প্রতি সদস্যদের ভালোবাসা ও সম্পৃক্ততার স্মারক হিসেবে এবং নতুন প্রজন্মের কাছে সংগঠনের পরিচিতি তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে সংগঠনের মনোগ্রাম সংবলিত একটি করে কফি কাপ উপহার দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ড. তাজুল ইসলাম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই মিলনমেলায় যাঁরা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। আমাদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহের এই অটুট বন্ধন আছে বলেই আজকের আয়োজন এতটা সফল হয়েছে।

আগামী দিনগুলোতেও পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আরও বৃহৎ পরিসরে একত্রিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন এ মিলনমেলার সমাপ্তি ঘটে।