কবিতা: সাধিকা—বনানী সিনহা
সাধিকা
বনানী সিনহা
নেশা নয়, প্রহেলিকাও নয়,
টানে না ডাকে না কেবলই থাকে।
মেলাই না, তবে কেনো যেন শুধু মিলে যায়!
হারাই না বলেই কখনো খুঁজি না খুঁজতেও হয় না।
না দেখেও না চেয়েও সীমাহীন সেই পাওয়া।
এ যেন যখন না বলে, তখনই বেশি বলে!
এ এক অন্যরকম তবে জাগতিক কিছু নয়।
এক ! কেবলই এক এ আসক্তি,
বাকি সবে যেন বৈরাগ্য ভাব।
ছোঁয়া যায় না ধরা যায় না, এ এক ঐশীপ্রভা !
অনুভূত হয় ধারণ করি ধরে রাখি ঠিক যেন মৃত্তিকা!
না পেয়েও যেমন করে পেয়েছিল কৃষ্ণকে রাধিকা।
যা পাইনি এখনো; এ যে কেবলই সেই আরাধনা,
সর্বপরি; কল্পনা নয় স্বপ্ন নয় বরং শাশ্বত এক অস্তিত্ব;
বস্তুত; স্বয়ং আমিই সেই দিব্যজ্যোতির একাগ্র সাধিকা।



















