কবিতা: যা ভেবছি সার—সুজন দাশ
যা ভেবছি সার
সুজন দাশ
বিত্ত আমার চাইনা তত কিংবা বাড়ি গাড়ি,
কারোর কাছে হাত না পেতে চলতে যাতে পারি।
ন্যায়ে থাকুক মতি,
ভুলেও আমি চাইনা কভু কারোর কোন ক্ষতি।
দুঃখ জ্বালা কষ্ট যতই থাকুক আমায় ঘিরে,
ওসব নিয়ে ভাবিও না চাইনাও পিছ ফিরে।
দেখে কারোর ভালো,
ভুগিও না মনোকষ্টে,-'হয়নাও মুখ কালো।
কারোর দুঃখে হই না খুশি চাই দাঁড়াতে পাশে,
দম্ভে কভু যাইনা ভেসে দু'চোখ রাখি ঘাসে।
কাউকে কিছু দিয়ে,
বেড়াই না তা বলে আবার কারোর কাছে গিয়ে।
ব্যবসা করে খাইনা আমি লোকের কথা বেচে,
উপকারে লাগলে কারোর দিইও সেটা যেচে।
সত্য আমার পূঁজি,
পরিশ্রমে বদলাতে চাই নিজের রুটি রুজি।



















