Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কের পুলিশ সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি উৎসব: এনওয়াইপিডি কমিশনার জেসিকা এস. টিশসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে আলোর উৎসবে ঐক্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক বন্ধনের অনন্য উদযাপন

নিউইয়র্কের পুলিশ সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি উৎসব: এনওয়াইপিডি কমিশনার জেসিকা এস. টিশসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে আলোর উৎসবে ঐক্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক বন্ধনের অনন্য উদযাপন

নিউইয়র্কের পুলিশ সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি উৎসব: এনওয়াইপিডি কমিশনার জেসিকা এস. টিশসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে আলোর উৎসবে ঐক্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক বন্ধনের অনন্য উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর পুলিশ সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজা পরিণত হয়েছিল আলো, আনন্দ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বর্ণাঢ্য মিলনমেলায়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দীপাবলি উপলক্ষে গত  ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় তৃতীয় বার্ষিক দীপাবলি ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব—থ্রি ইয়ার্ড অ্যানুয়াল দীপাবলি হেরিটেজ অ্যান্ড কালচারাল সেলিব্রেশন, দ্য ফেস্টিভ্যাল অব লাইটস।

এনওয়াইপিডি দেশি সোসাইটি, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অফিসার্স সোসাইটি এবং হিন্দু অফিসার্স সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার মাননীয় জেসিকা এস. টিশ। এছাড়াও এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি, ভারতীয় ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পুলিশ সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে এনওয়াইপিডির কালার গার্ডের পরিবেশনায় যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উপস্থাপন এবং পুলিশ অফিসার সামান্থা সিফন্তের কণ্ঠে আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর এনওয়াইপিডির চ্যাপলেইনস ইউনিটের সহকারী প্রধান চ্যাপলেইন মনসিনিয়র রবার্ট জে. রোমানো প্রার্থনা পরিচালনা করেন। অনুষ্ঠানে এনওয়াইপিডির বীরত্বগাথা নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিক সঞ্চালনা ও বিভিন্ন পর্বে এনওয়াইপিডির সদস্যরা দায়িত্ব পালন করেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও দিয়া লাইটিং সেরিমনি। ড. পণ্ডিত কেশ্বর রামকিসুনের শুভ মন্ত্র পাঠের মধ্য দিয়ে ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিরা সম্মিলিতভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন আয়োজক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন এ কে এম আলম, হিন্দু অফিসার্স সোসাইটির সাধারণ সম্পাদক পুলিশ অফিসার রাজীব ঘোষ, ইন্ডিয়ান অফিসার্স সোসাইটির সভাপতি লেফটেন্যান্ট জসপ্রীত গিল, এনওয়াইপিডি দেশি সোসাইটির সভাপতি ডিটেকটিভ নীল নারায়ণ এবং হিন্দু অফিসার্স সোসাইটির সভাপতি সার্জেন্ট রাজেশ শর্মা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ দীপাবলি উৎসবের তাৎপর্য তুলে ধরেন। তিনি এনওয়াইপিডির সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান এবং ঐক্যের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের সম্মিলিত অংশগ্রহণ এনওয়াইপিডি পরিবারকে আরও সমৃদ্ধ করে—এমন ভাবনাই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন কুনাল সুদ এবং ড. পণ্ডিত কেশ্বর রামকিসুন। তাঁরা দীপাবলির ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেন। আলো ও অন্ধকার, জ্ঞান ও অজ্ঞতা, সত্য ও অসত্যের প্রতীকী লড়াইয়ে আলোর বিজয়ের বার্তাই দীপাবলির মূল শিক্ষা বলে তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। এ উপলক্ষে সম্মানিত করা হয় সার্জেন্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট মাইকেল এ. ডারিও, অফিস অব ডিসিইআর,

পুলিশ অফিসার নিয়ন চৌধুরী, Sergeant Patricia Sukhoo
Medical Division, 
Detective Suranjit Dey
Transit District 33,
Police Officer John McGann
Office of DCER , ৪৫তম প্রিসিঙ্কট, সার্টিফায়েড আইটি অ্যাডমিনিস্ট্রেটর স্রুজল পারিখ, ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস ডিভিশন, ট্রাফিক সুপারভাইজার গৌতম কুণ্ডু ম্যানহাটন নর্থ ট্রাফিক এনফোর্সমেন্ট ইউনিট, ড. পণ্ডিত কেশ্বর রামকিসুন এবং কুনাল সুদকে।

এছাড়াও অনুষ্ঠানে অ্যাঙ্গালি নারায়ণসামি, এলেনা নারায়ণ, সায়দী পুনওয়াসি, জেসমিন ওসমান, মিয়া ল্যাচম্যান, সোরায়া ওসমান, আয়ানা মোহাম্মদ, আরএস ইন্টারন্যাশনাল এনওয়াই, ইসাবেলা চন্দ্রা, এসএসএ তমা চক্রবর্তী এবং এলাইনা সানচারাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পর্বের আগে আয়োজক চারটি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষ অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এ সময় ক্যাপ্টেন এ কে এম আলম, পুলিশ অফিসার রাজীব ঘোষ, লেফটেন্যান্ট জসপ্রীত গিল, ডিটেকটিভ নীল নারায়ণ এবং সার্জেন্ট রাজেশ শর্মা অতিথিদের সম্মাননা জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও উৎসবের সৌন্দর্য তুলে ধরা হয়। ধর্মীয় প্রার্থনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে এনওয়াইপিডি চ্যাপলেইনস ইউনিটের চ্যাপলেইন ইমাম ড. তাহির কুকিকি সমাপনী প্রার্থনা পরিচালনা করেন। এরপর পুলিশ অফিসার সামান্থা সিফন্তের নেতৃত্বে গড ব্লেস আমেরিকা পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক হিন্দু অফিসার্স সোসাইটির সাধারণ সম্পাদক পুলিশ অফিসার রাজীব ঘোষ  জানান, ওয়ান পুলিশ প্লাজায় দীপাবলি উদযাপন করতে পেরে তাঁরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা এস. টিশের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি এবারের আয়োজনকে বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি আয়োজক, স্বেচ্ছাসেবক, সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের আয়োজন এনওয়াইপিডি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

উল্লেখ্য, দীপাবলি বা দিওয়ালি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বহুল উদযাপিত ধর্মীয়-সাংস্কৃতিক উৎসব। সংস্কৃত দীপাবলি শব্দের অর্থ প্রদীপের সারি। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে এই উৎসবের সঙ্গে শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন, লক্ষ্মীপূজা এবং বিভিন্ন অঞ্চলে কৃষ্ণ ও অন্যান্য দেবদেবীর উপাসনার ঐতিহ্য জড়িয়ে রয়েছে। অঞ্চল ও সম্প্রদায়ভেদে উৎসব পালনের রীতিতে ভিন্নতা থাকলেও এর মূল প্রতিপাদ্য আলো, আশা, কল্যাণ, নতুন সূচনা এবং অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়।

দীপাবলিতে ঘরে ঘরে মাটির প্রদীপ ও মোমবাতি জ্বালানো, রঙিন আলপনা বা রঙ্গোলি আঁকা, মিষ্টি বিতরণ, পূজা-অর্চনা এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য রয়েছে। এই উৎসব শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিকতা, ভালোবাসা, ক্ষমা, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তাও বহন করে।

নিউইয়র্কের পুলিশ সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় এ আয়োজন প্রমাণ করেছে, বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে একে অপরের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। পুলিশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন সংস্কৃতির উৎসব উদযাপন পারস্পরিক আস্থা, অন্তর্ভুক্তি ও সহাবস্থানের ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

আলো, ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে নিউইয়র্কের পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক দীপাবলি উৎসব হয়ে ওঠে বহুসাংস্কৃতিক নিউইয়র্কের বৈচিত্র্য ও সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ।