Logo

অপরাধ    >>   যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র, ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র, ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র, ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করার পর শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সাজা ঘোষণা করেন।

৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে হত্যার ষড়যন্ত্রসহ তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক ভিক্টর মাররেরো তাকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন। কারাভোগ শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হতে পারে।

আদালতে নিজের বক্তব্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য অনুতাপ প্রকাশ করেন গুপ্ত। তিনি বলেন, পান্নুন, যেসব সম্প্রদায়ের ক্ষতি করেছেন এবং নিজের পরিবারের কাছে তিনি দুঃখিত।

ভাড়াটে খুনি নিয়োগের জন্য ১৫ হাজার ডলারের প্রস্তাব

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন গুপ্ত। পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক এবং একজন আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী এবং শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সমর্থক।

আদালতের নথি অনুযায়ী, পান্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনির কাছে ১৫ হাজার ডলার নগদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুপ্ত ও বিকাশ যাদব। তবে যাকে খুনি হিসেবে নিয়োগের চেষ্টা করা হয়েছিল, তিনি প্রকৃতপক্ষে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন গোপন কর্মকর্তা ছিলেন।

২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে গ্রেপ্তার হন গুপ্ত। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। এরপর থেকে তিনি জামিন ছাড়াই কারাগারে ছিলেন। তার সঙ্গে করা দোষ স্বীকারের চুক্তিতে অন্তত ২০ বছর কারাদণ্ডের বিষয়টি উল্লেখ ছিল।

এ মামলায় বিকাশ যাদবের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে তিনি এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই। তিনি কোনো আইনজীবী নিয়োগ করেছেন কি না, তা জানা যায়নি।

ভারত সরকার পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নয়াদিল্লির দাবি, এ ধরনের কর্মকাণ্ড ভারতের সরকারি নীতির পরিপন্থি।

তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার একাধিক ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসার পর দেশ দুটির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এসব ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও ভারত অস্বীকার করে আসছে।

‘মোদী সরকারের নির্দেশে কাজ করা একজন কর্মী’

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নির কার্যালয়ের প্রসিকিউটররা নিখিল গুপ্তের প্রায় ২৪ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন।

আদালতে প্রসিকিউটর অ্যাশলি নিকোলাস বলেন, এ মামলাটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধের কেন্দ্রস্থলে আঘাত করে। কারও কণ্ঠ স্তব্ধ করতে সহিংসতার ব্যবহার যুক্তরাষ্ট্র কখনোই সমর্থন করে না।

শুক্রবার আদালতে উপস্থিত ছিলেন গুরপতবন্ত সিং পান্নুনও। সাজা ঘোষণার পর গুপ্তকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কাজ করা ‘একজন কর্মী মাত্র’ বলে মন্তব্য করেন তিনি। মোদী শিখদের স্বাধীনতা আন্দোলনের বিরোধী বলেও অভিযোগ করেন পান্নুন।

পান্নুনের দাবি, তিনি প্রকাশ্যে স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং হুমকি ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করেননি বলেই মোদী সরকার তাকে হত্যার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, শিখদের স্বাধীনতার পক্ষে প্রচার চালিয়ে যাবেন। তার জনগণ ও মাতৃভূমি পাঞ্জাবের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করাই তার জীবনের লক্ষ্য। সূত্র: আল-জাজিরা,  জাগোনিউজ