ব্রুকলিনে রেস্তোরাঁয় মধ্যরাতে গুলি: বাংলাদেশি প্রবাসী রাজু আহমেদ নিহত—মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, পায়ে গুলিবিদ্ধ আরও একজন হাসপাতালে; হামলার কারণ ও বন্দুকধারীর পরিচয় অজানা
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক :
নিউইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁর ভেতরে মধ্যরাতের পর বন্দুক হামলায় বাংলাদেশি প্রবাসী রাজু আহমেদ নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওঁ দিব্যাং লোকান্ স্ব গচ্ছতু।
রোববার, ২৩ আগস্ট ২০২৬ রাত ১২টার কিছু পর ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউতে অবস্থিত American Best Wings & Pizza রেস্তোরাঁয় এ গুলির ঘটনা ঘটে। News 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাত প্রায় ১২টার দিকে রেস্তোরাঁ থেকে ৯১১ নম্বরে কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহত ৪৪ বছর বয়সী ব্যক্তির মাথায় গুলির আঘাত ছিল। অপর ৩৯ বছর বয়সী ব্যক্তির ডান পায়ে গুলি লাগে। দুজনকেই জরুরি চিকিৎসার জন্য One Brooklyn Health–Brookdale Hospital Medical Center-এ নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। আহত ৩৯ বছর বয়সী ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে News 12।
প্রকাশিত সংবাদে নিহত ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে পাওয়া এবং সরাসরি যাচাই করা তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি বাংলাদেশি প্রবাসী রাজু আহমেদ। কমিউনিটি সূত্রের তথ্য অনুযায়ী, তিনি প্রায় তিন বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন এবং ওই রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
কমিউনিটি সূত্রে আরও জানা গেছে, রাজু আহমেদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। নিউইয়র্কে জীবিকার সন্ধানে আসা এই প্রবাসীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে, কেন এই গুলির ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হামলাকারী কে—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, News 12-এর সর্বশেষ প্রতিবেদনে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ না করে বলা হয়েছে, তাঁর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাই রাজু আহমেদের নাম, বাংলাদেশি পরিচয় ও পারিবারিক তথ্য এ প্রতিবেদনে কমিউনিটি-সূত্রে পাওয়া ও যাচাই করা তথ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে।
রাজু আহমেদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমী, সাপ্তাহিক জেনারেশনের সম্পাদক ও কলামিস্ট শাহ্ জে চৌধুরী, শাহ্ গ্রুপের কো-ফাউন্ডার হুসনেআরা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও কমিউনিটি নেতা মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট লেখক হুমায়ূন কবীর ঢালী, কমিউনিটি লিডার দুলাল মিয়া, কমিউনিটি লিডার মো. সাখাওয়াত বিশ্বাস, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনকের সভাপতি বিপ্লব সাহা, সাধারণ সম্পাদক গাজী সোহেল, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, প্রজ্ঞা ফাউন্ডেশনের পরিচালক ও রিয়েলটর মুনমুন সাহাসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা রাজু আহমেদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
রাজু আহমেদের অকাল মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে—জীবিকার সন্ধানে হাজারো বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা কতটা নিশ্চিত?



















