Logo

অপরাধ    >>   হিন্দু যুবককে ঘুমন্ত অবস্থায় ওয়ার্কশপে পুড়িয়ে হত্যার অভিযোগ

হিন্দু যুবককে ঘুমন্ত অবস্থায় ওয়ার্কশপে পুড়িয়ে হত্যার অভিযোগ

হিন্দু যুবককে ঘুমন্ত অবস্থায় ওয়ার্কশপে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক সনাতনী (হিন্দু) যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইন এলাকার খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শুক্রবার রাতেও কাজ শেষে একটি মেছ থেকে খাবার খেয়ে এসে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। ভেতরে পেট্রল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে। এতে পুড়ে মারা যায় চঞ্চল চন্দ্র ভৌমিক ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছেন।এই ব্যাপারে দোকানের মালিক মো. রুবেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যাননি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, একজনকে পুড়ে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। সূত্র: ইত্তেফাক