জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষা বন্দনায় রবীন্দ্র-নজরুলের গান: উপাচার্যের উদ্বোধনে সংগীত বিভাগের ব্যতিক্রমধর্মী আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বর্ষার রোমান্টিক সৌন্দর্য ও আবেগঘন সুরের সম্মিলনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ উদ্যাপন করলো “রবীন্দ্র ও নজরুল সংগীতে বর্ষা” শীর্ষক বিশেষ আয়োজন। আজ বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, বিশ্ববিদ্যালয়ের গীতাঞ্জলি মঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করে বর্ষার গানে মাতোয়ারা হয়ে ওঠেন।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুলের সংগীত শুধু শিল্প-সাহিত্যের অংশ নয়, এটি আমাদের আত্মিক চেতনার সম্পদ। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে সহায়ক হবে এবং বর্ষা নিয়ে তাদের সাংস্কৃতিক উপলব্ধিকে সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য দেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম. রেজোয়ান।অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশন করেন বর্ষা-বিষয়ক রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতের অপূর্ব কিছু নির্বাচিত গান, যা দর্শক-শ্রোতাদের হৃদয়ে সৃষ্টি করে আবেগময় এক রোমান্টিক আবহ। বৃষ্টিভেজা বাংলার প্রকৃতি, প্রেম, বিরহ ও রস-অনুভবের রূপ যেন ফুটে উঠেছিল প্রতিটি পরিবেশনায়।
এই আয়োজনের মধ্য দিয়ে শ্রোতারা একদিকে যেমন বাংলা সংগীতের শিকড়ের সঙ্গে নতুন করে পরিচিত হয়েছেন, অন্যদিকে বর্ষার নান্দনিক রূপে রাঙিয়ে নিয়েছেন নিজেদের মনোজগৎ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে উপাচার্য সংগীত বিভাগের নতুন সেমিনার রুম উদ্বোধন করেন, যা বিভাগের শিক্ষার পরিবেশ ও কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।
এ ধরনের অনুষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ধারা ও শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অতিথিরা।
সূত্র: ডক্টর অনিমা রায় ,ফেইজবুক পেইজ।



















