নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিন যুগ পূর্তি: ২৮–৩১ মে ২০২৭ জ্যামাইকায় চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
দীর্ঘ ৩৬ বছরের নিরবচ্ছিন্ন পথচলা পেরিয়ে ঐতিহাসিক তিন যুগ পূর্তির মাইলফলক উদযাপন করতে যাচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা, বিকাশ এবং প্রসারে প্রবাসের মাটিতে সুপ্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক বইমেলা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির সাংস্কৃতিক ঐক্য, ভাষাপ্রেম ও শেকড়ের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য প্রতীক।
আগামী ২৮ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকায় চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিন যুগ পূর্তি উৎসব। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ উৎসবকে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ করে তুলতে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলার মূল আয়োজন অনুষ্ঠিত হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (JPAC)।
মেলার নির্ধারিত ঠিকানা: Jamaica Performing Arts Center (JPAC), 153-10 Jamaica Avenue, Jamaica, NY 11432।
তিন যুগের এই ঐতিহাসিক উদযাপনকে আন্তর্জাতিক পরিসরে আরও বর্ণাঢ্য করে তুলতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাগুলোকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করে মেলায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘ ৩৬ বছরের ঐতিহ্য, অভিজ্ঞতা ও অর্জনকে ধারণ করে এবারের বইমেলা বাংলা প্রকাশনা জগৎ, লেখক, কবি, সাহিত্যিক, পাঠক এবং সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রবাসে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা, বাংলা সাহিত্য ও প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক প্রসার এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিন যুগ পূর্তির এই বিশেষ আয়োজন সেই সাংস্কৃতিক অভিযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বইমেলাকে কেন্দ্র করে লেখক-পাঠকের মিলন, সাহিত্য আলোচনা, বই প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলা প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নিউইয়র্কে সৃষ্টি হবে এক বর্ণাঢ্য সাহিত্য-সাংস্কৃতিক পরিবেশ।
মেলা সম্পর্কিত সর্বশেষ তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও বিস্তারিত জানতে আগ্রহীদের আয়োজকদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
ওয়েবসাইট: www.nyboimela.org
ফেসবুক: www.facebook.com/newyorkboimela



















