Logo

ইউএসএ নিউজ    >>   স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প

স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প

স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মিলারের এই নিয়োগকে ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থানে আরও কঠোরতার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে মিলারকে নিজের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী সোমবার (৯ নভেম্বর) থেকে বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন মিলার।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ প্রেসিডেন্টের কার্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কার্যালয়ের কর্মীদের তদারকি, নিয়োগ, প্রেসিডেন্টের কর্মসূচি ও বৈঠকের সময়সূচি নির্ধারণ এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া তার দায়িত্বের অন্তর্ভুক্ত।

এ ছাড়া প্রেসিডেন্টের কাছে কোন তথ্য পৌঁছাবে, কারা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন এবং প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে কীভাবে সমন্বয় হবে, সেসব বিষয়েও চিফ অব স্টাফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রেসিডেন্ট ও প্রশাসনের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এই পদকে অনেক সময় প্রেসিডেন্টের ক্ষমতার ‘দ্বাররক্ষক’ বা ‘গেটকিপার’ বলা হয়।

৪১ বছর বয়সী স্টিফেন মিলার ট্রাম্পের ঘনিষ্ঠ ও প্রভাবশালী সহযোগীদের একজন। বিশেষ করে কঠোর অভিবাসন নীতি প্রণয়ন এবং ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচির অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পর মিলারের এই নিয়োগ বিশেষ তাৎপর্য বহন করছে। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়ে তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে।

এমন রাজনৈতিক পরিস্থিতিতে হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের দায়িত্ব ও প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ